বন্যায় লোকসানে দিশেহারা পোলট্রি খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে বন্যার কারণে মুরগির দাম কমেছে অস্বাভাবিকভাবে। মাইকিং করে কম দামে বাজারে মুরগি বিক্রি করা হচ্ছে। মুরগির দাম কমে যাওয়ায় লোকসানে দিশেহারা হয়ে পড়েছেন ছোট-বড় পোলট্রি খামারিরা। এ ছাড়া বন্যার কারণে মুরগি কেনার জন্য পাইকারি ক্রেতাও জয়পুরহাটে আসছেন কম।

জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় জেলার ১৭টি খামারে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখানে ৪ হাজার নিবন্ধিত মুরগির খামার আছে। নিবন্ধন ছাড়া ছোট ছোট আরও অনেক খামার রয়েছে।

কয়েকজন খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, কখনো কখনো মুরগিতে কমবেশি লোকসান হয়। কিন্তু ১০ বছরের মধ্যে এমন লোকসানে পড়েননি খামারিরা। বন্যায় পোলট্রি-শিল্পের মালিকেরা এবার বড় লোকসানে পড়েছেন।

ক্ষেতলাল বটতলী বজারের তিনজন ক্ষুদ্র মুরগির খামারি ১৭ আগস্ট থেকে তিন দিন ধরে ব্রয়লার (সাদা) জাতের মুরগি ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রির জন্য মাইকিং করেন। বটতলি বাজারের ব্রয়লার মুরগির খামারি তাইফুল ইসলাম, তারেক হাসান তিন দিন ধরে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রির জন্য মাইকিং করলেও তেমন ক্রেতা পাননি। এক কেজির ব্রয়লার মুরগি উৎপাদন করতে খরচ হয় ১১৫ থেকে ১২০ টাকা। ফলে বর্তমানে খামারিদের কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা লোকসান হচ্ছে। তাইফুলের প্রতিটি ২ কেজি ওজনের ৫০০ মুরগিতে লোকসান হয়েছে ৩০ হাজার টাকার মতো। আর এক হাজার ব্রয়লার মুরগিতে বটতলির তারেকের লোকসান হয়েছে ৫৫-৬০ হাজার টাকা।

আক্কেলপুরের জামালগঞ্জের শেফালী পোলট্রি ফার্ম প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক আবদুল গনি বলেন, গত বৃহস্পতিবার সোনালি জাতের ৬ হাজার মুরগি মাত্র ১৩৮ টাকা কেজি দরে বিক্রি করে তাঁর লোকসান হয়েছে ১ লাখ ১৮ হাজার টাকা। আগে থেকেই মুরগির দাম একটু কম ছিল। কিন্তু বন্যার কারণে দাম আরও কমেছে। প্রতি কেজি সোনালি মুরগি উৎপাদনে খরচ পড়ে ১৬০ থেকে ১৬৫ টাকা।

জয়পুরহাট শহরের আরাফাত নগরের উত্তরণ পোলট্রি খামারের মালিক আলমগীর হোসেন বলেন, বন্যার মধ্যে সেনালি জাতের ৬ হাজার মুরগি বিক্রি করে তাঁর প্রায় ৭০ হাজার টাকা লোকসান হয়েছে।

সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের রাজু আহম্মেদের পোলট্রি খামারে বন্যার পানি উঠেছে। তিনি বলেন, তাঁর খামারে ৫৭ দিন বয়সের সোনালি জাতের সাড়ে ৩ হাজার মুরগি আছে। সোনালি জাতের মুরগি প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা। তাঁর সাড়ে ৩ হাজার মুরগিতে অনেক টাকা লোকসান হবে। বন্যায় মুরগির দাম কমায় খামারিদের সর্বনাশ হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সালাম বলেন, বন্যা ও সামনে কোরবানির ঈদের কারণে মুরগির দাম কমেছে। বন্যার পানি নেমে গেল এ অবস্থা থাকবে না।

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি ও কিষাণ পোলট্রি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক বলেন, মুরগির বাচ্চা, ডিম, মুরগি—এসবের দাম কমেছে অস্বাভাবিক হারে। দীর্ঘ ১০-১২ বছরেও পোলট্রি-শিল্পে এত বড় আর্থিক ধস নামেনি।