বন্যায় সিলেট ও মৌলভীবাজারে ৩৮৪টি বিদ্যালয় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় প্লাবিত হওয়ায় সিলেট ও মৌলভীবাজার জেলার ৩৮৪টি বিদ্যালয় বন্ধ রয়েছে। এ ছাড়া বন্যাদুর্গত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র খোলায় আরও ২৭টি প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চলছে না।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট জেলার ১৬২টি এবং মৌলভীবাজারের ১৪২টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। এ ছাড়া সিলেটের ছয়টি এবং মৌলভীবাজারের ২১টি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় প্রশাসন আশ্রয়কেন্দ্র চালু করেছে। সেখানেও পড়াশোনা বন্ধ আছে। এই ৩৩১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহম্মদ জানান, সিলেটের ৩২টি এবং মৌলভীবাজার জেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পাঠদান (ক্লাস) আপাতত বন্ধ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।

২ থেকে ৮ জুলাই সিলেট জেলার ছয়টি উপজেলার ১৯টি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ ও আঙিনায় বন্যার পানি। এসব বিদ্যালয়ের কোনোটিতে হাঁটুপানি আবার কোনোটিতে কোমরপানি। বেঞ্চ, টেবিল, চেয়ারসহ আসবাব পানিতে ডুবে আছে। আবার বন্যার পানির তোড়ে ভেসে আসা ময়লা-আবর্জনাও ঢুকেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভেতরে।

গতকাল সোমবার বিকেল চারটায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পানি দেখা গেছে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২০৭ জন। গতকাল বিকেলে মুঠোফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজি বেগম বলেন, মাত্রাতিরিক্ত পানি হওয়ায় এলাকার বাড়িঘর জলাবদ্ধ হয়েছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে। বিদ্যালয়ের ভেতরে-বাইরে পানি থাকায় শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল না। তাই শিক্ষকেরা নিয়মিত হাজিরা দিলেও পাঠদান বন্ধ রয়েছে। গত রোববার মাত্র একজন ছাত্র বিদ্যালয়ে আসে।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দুজন সদস্য বলেছেন, রোজা ও ঈদুল ফিতর উপলক্ষে এক মাসের বেশি সময় বিদ্যালয় বন্ধ ছিল। ছুটির পর ১ জুলাই থেকে বিদ্যালয়গুলো চালু হওয়ার কথা ছিল। কিন্তু ঈদের আগে এসব বিদ্যালয়ে হাঁটু থেকে কোমরপানি ঢুকে পড়েছে।

শিক্ষা কর্মকর্তারা বলেছেন, শ্রেণিকক্ষে বন্যার পানি ঢুকে পড়ায় খুদে শিক্ষার্থীদের ঝুঁকির বিষয়টি বিবেচনা করা হয়েছে। বন্যার পানি না কমা পর্যন্ত এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষকেরা ইচ্ছা করলে বিদ্যালয়গুলোর পাশের উঁচু কোনো স্থানে ক্লাস করাতে পারবেন।

প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সিলেট বিভাগীয় উপপরিচালক তাহমিনা খাতুন বলেন, বন্যাকবলিত বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ওপর দেওয়া হয়েছে। তাঁরা উপযুক্ত মনে করলে পাঠদান চালাবেন, আর ঝুঁকি থাকলে চালাবেন না। তবে বন্যার পানি নেমে গেলে সব বিদ্যালয়ে পুরোদমে কার্যক্রম শুরু হবে। আর বন্যার পানিতে বিদ্যালয়গুলোর অবকাঠামো ও আসবাবের ক্ষতি হয়েছে। সেসব ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর কবীর বলেন, পানি নামার পরপরই যেন অতিরিক্ত ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া রয়েছে।