বন্যায় সুনামগঞ্জের ১১টি সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ-মঙ্গলকাটা সড়ক। সড়কটি এখনো মেরামত না হওয়ায় ওই সড়কে চলাচলকারী লোকজন ভোগান্তি পোহাচ্ছে। সুনামগঞ্জ সদর উপজেলার ধারারগাঁও এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ-মঙ্গলকাটা সড়ক। সড়কটি এখনো মেরামত না হওয়ায় ওই সড়কে চলাচলকারী লোকজন ভোগান্তি পোহাচ্ছে। সুনামগঞ্জ সদর উপজেলার ধারারগাঁও এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

গত জুলাই মাসের বন্যায় সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় অন্তত ১১টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে বেশ কিছু কালভার্ট ও সেতুর সংযোগ সড়ক। মেরামত না করায় এসব সড়ক দিয়ে চলাচলে ব্যাপক ভোগান্তি হচ্ছে মানুষের।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় তাদের আওতাধীন আটটি সড়কের প্রায় ২২ কিলোমিটার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই কিলোমিটার, তাহিরপুর উপজেলার নিয়ামতপুর-তাহিরপুর সড়কের ছয় কিলোমিটার, সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের সাড়ে তিন কিলোমিটার, গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কের তিন কিলোমিটার, পাগলা-জগন্নাথপুর রানীগঞ্জ-আউশকান্দি সড়কের দুই কিলোমিটার, মদনপুর-দিরাই-শাল্লা সড়কের দুই কিলোমিটার, দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের দুই কিলোমিটার এবং জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের এক কিলোমিটার।

অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয় সূত্র জানায়, তাদের আওতাভুক্ত অন্তত তিনটি সড়কের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হচ্ছে সুনামগঞ্জ-মঙ্গলকাটা সড়ক, মঙ্গলকাটা-নারায়ণতলা সড়ক এবং দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা রাবার বাঁধের উভয় পাশের সংযোগ সড়ক। এ ছাড়া বিশ্বম্ভরপুর-আনোয়ারপুর সড়কের দুটি এবং সুনামগঞ্জ-মঙ্গলকাটা, মঙ্গলকাটা-নারায়ণতলা ও দিরাই উপজেলার বোয়ালিয়া-মারকুলি সড়কের একটি করে কালভার্ট বন্যায় ভেঙে গেছে। পাশাপাশি ধরমপাশা-জয়শ্রী সড়কের একটি সেতুর সংযোগ সড়ক ও তাহিরপুর-বাদাঘাট সড়কের কয়েকটি সেতুর সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের কাটাখালী বাজার থেকে দোহালিয়া পর্যন্ত বেহাল। এ সড়কে চলাচলকারী কাটাখালীর ব্যবসায়ী মাজহারুল ইসলাম বলেন, সড়কটি এমনিতেই ভাঙাচোরা ছিল। বন্যায় আরও বেহাল হয়ে গেছে। বর্তমানে সড়কটি চলাফেরার অনুপযোগী হয়ে পড়েছে।

দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা আজিজ বলেন, বন্যায় সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে আধঘণ্টার পথ যেতে এখন সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা।

সুনামগঞ্জ সদরের কুরবাননগর ইউপির চেয়ারম্যান আবুল বরকত বলেন, তাঁর ইউনিয়নের ধারারগাঁও পয়েন্ট-সংলগ্ন স্থানে সড়কের একটি কালভার্টসহ বেশ কিছু অংশ ভেঙে গেছে। ভাঙা সড়কে এলাকাবাসী কিছু মাটি ও বস্তা ফেলে হেঁটে চলাচলের ব্যবস্থা করলেও কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, উপজেলার ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত বাদাঘাট এলাকা। কিন্তু গত বন্যায় তাহিরপুর-বাদাঘাট সড়কের বিভিন্ন স্থান ও কয়েকটি সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে। মেরামতের জন্য বারবার বলার পরও কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয়নি।

সওজের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল আমিন বলেন, তাঁরা ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য ৪ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ চেয়েছেন। বরাদ্দ এলে মেরামতকাজ শুরু করা হবে।

সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আহমদ বলেন, ‘আমরা চার কোটি টাকা চেয়েছি। এখনো পাইনি। তবে প্রতিবছরের নিয়মিত বরাদ্দের একটা অংশ পেয়েছি। সেই টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক ও কালভার্ট মেরামতের কিছু কাজ করব।’