বন্যায় সড়ক ভেঙে দুর্ভোগ

মানিকগঞ্জ পৌরসভার কেওয়ারজানী-উড়িয়াজানী-বার্তা সড়কের পূর্ব উড়িয়াজানী এলাকার প্রায় ৫০ ফুট অংশ বন্যার পানির স্রোতে ভেঙে গেছে। এতে আশপাশের নয়টি গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, দুই সপ্তাহ আগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব উড়িয়াজানী এলাকায় সড়কটির প্রায় ৫০ ফুট অংশ ভেঙে যায়। এতে বার্তা, নলন্ডি, গোস্তা, চর গোস্তা, বালিয়াবিল, চর বালিয়াবিল, পুটাইল, উড়িয়াজানী ও পূর্ব উড়িয়াজানী গ্রামের মানুষের যাতায়াতে মারাত্মক ভোগান্তি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের ভেঙে যাওয়া অংশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। আশপাশের গ্রামগুলোর মানুষ নৌকায় চড়ে সড়কের ভাঙা অংশ পার হয়ে জেলা শহরে যাতায়াত করছে।
পূর্ব উড়িয়াজানী গ্রামের আবদুল কাদের ও বালিয়াবিল গ্রামের ফারুক হোসেন বলেন, ‘দুই সপ্তাহের বেশি সময় ধরে আমরা ভোগান্তিতে আছি। ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করে বাঁশের সাঁকো তৈরি করা যায়। কিন্তু পৌর কর্তৃপক্ষের এদিকে কোনো নজর নেই।’
এ বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল হোসেন বলেন, দু-এক দিনের মধ্যে ওই স্থানে সাঁকো তৈরি করা হবে।