বন্যায় সড়ক ভেঙে যান চলাচল বন্ধ, ভোগান্তি

বন্যায় নীলফামারীর সৈয়দপুর কলেজ রোডের প্রায় ২০ ফুট ভেঙে গেছে। এতে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নতুন বাবুপাড়ার-কুন্দল এলাকার দুই শতাধিক পরিবার।
গত রোববার সরেজমিনে দেখা যায়, কলেজ রোড অর্থাৎ নতুন বাবুপাড়া-কুন্দল সংযোগ সড়কটির মুচিপাড়ার কাছে প্রায় ২০ ফুট ভেঙে গেছে। এ সময় এলাকার বাসিন্দা রাজিবা সুলতানা (৪০) বলেন, ‘আমরা এ সড়ক ব্যবহার করে নতুন বাবুপাড়া, পুলিশ লাইনস, পৌর মার্কেটসহ শহরের যেকোনো গন্তব্যে যাতায়াত করতাম। বন্যায় গত এক সপ্তাহ আগে সড়কটি ভেঙে যায়। কিন্তু পানি নামার পরও পৌর কর্তৃপক্ষ সড়কটি মেরামতে আগ্রহ দেখাচ্ছে না। এ নিয়ে বারবার পৌর কাউন্সিলরের কাছে অনুরোধ করেও লাভ হয়নি।’
এ ছাড়া সড়কটি ভেঙে যাওয়ায় এর পশ্চিম অংশের শিক্ষার্থীরা সৈয়দপুর কলেজে যেতে সমস্যায় পড়ছেন। ১০০ শয্যা সরকারি হাসপাতালেও রোগী আনা-নেওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে। এলাকার বাসিন্দারা দুই কিলোমিটার ঘুরে মহাসড়কের ওপর দিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছেন। এলাকার বাসিন্দা শিল্পপতি নজরুল ইসলাম বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় এ পথে কোনো যানবাহন চলছে না। লোকজন দুর্ভোগে পড়েছে। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি।
এ ব্যাপারে ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় এলাকার দুই শ পরিবার দুর্ভোগে পড়েছে। বিষয়টি তুলে ধরে পৌর মেয়র বরাবর গত রোববার একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে সড়ক মেরামতের দাবি জানানো হয়েছে।
পৌর মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, বন্যায় পৌরসভার সড়ক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দ্রুত মেরামতের কাজ শুরু হবে। কলেজ রোডটিও মেরামত করে দেওয়া হবে।