ভৌগোলিক নাজুক অবস্থানের কারণে বাংলাদেশ প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে পড়ছে। সাম্প্রতিক হঠাৎ বন্যায় (ফ্ল্যাশ ফ্লাড) হাওর এলাকার ৪০ হাজার হেক্টর জমির এক লাখ ৫৬ হাজার টন ধান নষ্ট হয়ে গেছে। এ ধরনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ নিজেকে প্রস্তুত করছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেন। কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষিসংশ্লিষ্ট সব পক্ষকে একত্রে কাজ করার ওপর গুরুত্ব দেন। সরকার, দাতা সংস্থা, গবেষক, সম্প্রসারণ কর্মীদের কাজে সমন্বয় আনার পরামর্শ দেন তাঁরা। ‘এশীয় অঞ্চলে জলবায়ুু পরিবর্তন সহনশীল কৃষির বিনির্মাণ’ শীর্ষক দুই দিনের এই কর্মশালায় বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, চীন ও থাইল্যান্ডের ৪৫ জন বিজ্ঞানী ও গবেষক অংশ নিচ্ছেন। কর্মশালায় তাঁরা নিজ নিজ দেশের গত ৬০ থেকে ৭০ বছরের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতাসহ জলবায়ুর বিভিন্ন উপাদানের পরিবর্তন মোকাবিলায় করণীয় সম্পর্কে পর্যালোচনা করা হবে। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান কর্মশালার উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন।জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্তমান সরকার লবণাক্ততা, বন্যা ও খরাসহিষ্ণু ধানের জাত জনপ্রিয় করার চেষ্টা করছে ও নদী খননের উদ্যোগ নিয়েছে—এ কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে খাদ্যনিরাপত্তা অর্জনের জন্য আওয়ামী লীগই সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘আমড়াগাছ থেকে আম পাওয়ার আশা করলে ভুল হবে। এ জন্য আমগাছই লাগাতে হবে।’ মতিয়া চৌধুরী আরও বলেন, বোরো মৌসুমে ধানের ক্ষতি পোষাতে আউশ মৌসুমে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদনে উৎসাহ জোগাতে কৃষককে বিনা মূল্যে ২৬ কোটি টাকার উচ্চফলনশীল জাতের ধান ও সার দেওয়া হবে। হঠাৎ বন্যার কবল থেকে হাওরের ফসল রক্ষায় কৃষি মন্ত্রণালয় উদ্যোগ নেবে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বন্যাসহিষ্ণু ধানের জাত বিআর-১১ উদ্ভাবন করা হলেও পরবর্তী সরকার এসে এই জাতের আর কোনো উন্নয়ন ঘটায়নি—এই মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, বিগত জোট সরকার মনে করত, খাদ্য উৎপাদন না বাড়িয়ে সংকট রেখে দেওয়া ভালো। এতে বিদেশি সাহায্য বেশি আনা যাবে। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘বাংলাদেশের কৃষি মৌসুমি বৃষ্টিনির্ভর আমন থেকে সেচনির্ভর বোরো চাষের দিকে প্রবেশ করেছে। প্রতিবছর দেশে বন্যা হলেও স্বাধীনতার পর ধানের উৎপাদন এক লাখ টন থেকে বেড়ে তিন লাখ টন হয়েছে। এই ধানের বাজারদর আমাদের মোট রপ্তানি আয়ের সমান।’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এম এম শওকত আলী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার, দাতা সংস্থা, সম্প্রসারণ কর্মীদের মধ্যে সমন্বয় আনার ওপর জোর দেন।