চলতি বছর বন্যায় এক লাখ ৯২ হাজার ৯১৫ হেক্টর ফসলি জমি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ এক হাজার ৬০২ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৩ লাখ ৭৮ হাজার ৬৭০ জন।
গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সদস্য আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, সংসদীয় কমিটি বন্যায় ক্ষতিগ্রস্তদের যথাযথ আর্থিক সহযোগিতা দেওয়ার সুপারিশ করেছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, উজান থেকে নেমে আসা ঢল ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় ২৪ জেলায় আমন বীজতলা, রোপা আমন, বোনা আমন, আউশ, সবজি, আখ, পাট, কলা, লেবু ও ভুট্টাসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়। জেলাগুলো হলো জামালপুর, কুড়িগ্রাম, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, সুনামগঞ্জ, সিলেট, ফেনী, শেরপুর, নেত্রকোনা, মানিকগঞ্জ, গাইবান্ধা, ময়মনসিংহ, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, লালমনিরহাট, কিশোরগঞ্জ, নীলফামারী, শরিয়তপুর, নোয়াখালী, রংপুর, খাগড়াছড়ি ও নাটোর।
বৈঠকে কৃষি মন্ত্রণালয় জানায়, ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪টি জেলার ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহের জন্য আট কোটি ৪৮ লাখ টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৪৭৫ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে গম, সরিষা, ভুট্টা ও বোরো ফসলের বীজ বিতরণ করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) যে বিপুল পরিমাণ জনবল ঘাটতি রয়েছে, তা পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং পরিচালক (বীজ ও উদ্যান) পদে যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন কৃষিবিদ কর্মকর্তা পদায়নের সুপারিশ করা হয়।
মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, আবদুল মান্নান, নজরুল ইসলাম, এ কে এম রেজাউল করিম তানসেন, নুরুল ইসলাম ওমর, উম্মে কুলসুম প্রমুখ অংশ নেন।