বন্যায় ২০০ কিমি সড়ক ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের ভুকশিমইল ইউনিয়নের কুলাউড়া-ভুকশিমইল সড়কের কানেহাত এলাকা। দুই সপ্তাহের অধিক সময় ধরে সড়ক ও মাঠ পানিতে একাকার হয়ে গেছে। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের ভুকশিমইল ইউনিয়নের কুলাউড়া-ভুকশিমইল সড়কের কানেহাত এলাকা। দুই সপ্তাহের অধিক সময় ধরে সড়ক ও মাঠ পানিতে একাকার হয়ে গেছে। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

মৌলভীবাজারে সাম্প্রতিক বন্যায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তরের প্রায় ২০০ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু উঁচু সড়কের বিভিন্ন স্থান থেকে সামান্য পানি নেমে গেলেও গ্রামীণ এলাকার বেশির ভাগ সড়ক এখনো পানির নিচে। এ ছাড়া অতিবর্ষণে সওজের প্রায় ৯১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুই সপ্তাহের বেশি সময় ধরে মৌলভীবাজার জেলার হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওর এবং কুশিয়ারা নদী-সংলগ্ন এলাকায় এই বন্যা দেখা দিয়েছে। এতে জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা সড়কের অন্তত ১০টি স্থান পানিতে তলিয়ে যায়। এসব স্থানের কোথাও হাঁটু, কোথাও কোমরপানি হয়। এই পানির মধ্যেই ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। বেশ কয়েক দিন ধরে পানিতে তলিয়ে থাকায় সড়কের মাটি নরম হয়ে গেছে। ভারী যানবাহনের চাপ নিতে পারছে না। পানিতে ডুবে থাকা সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত।

এ ছাড়া গত মঙ্গলবার পর্যন্ত কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নের পুশাইনগর-নবাবগঞ্জ সড়কের সাত-আটটি স্থানে পানি ছিল। মীরশংকরসহ আরও বেশ কয়েকটি এলাকার পানি কিছুটা কমায় সড়ক ভেসে উঠেছে। তবে এখনো সড়কের পাশ দিয়ে ঢেউ খেলে বয়ে যাচ্ছে সড়ক ছুঁই-ছুঁই পানি। সড়কের বেশ কয়েকটি স্থানে দেখা গেল, দুপাশের পিচসহ মাটি ধসে পড়ছে। কোথাও কোথাও লোকজন বাঁশ ও কচুরিপানা দিয়ে ধস আটকানোর চেষ্টা করছে। এ ছাড়া ইউনিয়নের কুলাউড়া-ভুকশিমইল সড়কের বিভিন্ন স্থান এখনো পানির নিচে। পানিতে তলিয়ে থাকা এসব স্থানের পিচ ও খোয়া উঠে গেছে।

গতকাল বুধবার সরেজমিনে রাজনগরের কাউয়াদীঘি হাওরপারের রাজনগর-বালাগঞ্জ সড়কের চার-পাঁচটি জায়গায় পানি থইথই করছে। প্রায় দুই সপ্তাহ ধরে এই অবস্থা। ঝুঁকি নিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশা, ট্রাকসহ কিছু যানবাহন।

উপজেলার উত্তরভাগ ইউনিয়নের গালিমপুর গ্রামের জাফর খান গতকাল বলেন, ‘আমাদের এলাকার মানুষ রাজনগর-বালাগঞ্জ সড়ক দিয়ে উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। রাস্তায় পানি থাকায় বাধ্য না হলে কেউ আর এ পথে যেতে চান না। গত মঙ্গলবার আমি প্রায় দুই ঘণ্টায় জেলা সদরে গিয়েছি। রাস্তায় পানি থাকায় সিএনজিতে (সিএনজিচালিত অটোরিকশা) পাঁচজন মানুষও হয় না। গাড়িও চলে ধীরে।’

বড়লেখার তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস গতকাল বলেন, ‘আমার ইউনিয়নে ছয়-সাত কিলোমিটার পাকা রাস্তা পানির তলে। কানুনগো বাজার-কুটাউড়া সড়কের সংস্কারকাজ শুরু হয়েছিল। এর মধ্যেই পানি এসে পড়েছে। এখন চাকা চাকা হয়ে পিচ উঠে যাচ্ছে।’

এদিকে সওজ মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় সওজের রাজনগর-কুলাউড়া-বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক, জুড়ী-লাঠিটিলা আঞ্চলিক মহাসড়ক, মৌলভীবাজার-শমসেরনগর-চাতলা সড়ক এবং জুড়ী-ফুলতলা-বটুলী (লিংক রোড গাজীপুর) সড়কের ৪ দশমিক ৬৩ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক সংস্কার ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৮১ লাখ ৬৩ হাজার টাকা। অপরদিকে অতিবর্ষণে রাজনগর-কুলাউড়া-বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক, জুড়ী-লাঠিটিলা আঞ্চলিক মহাসড়ক, মৌলভীবাজার-শমসেরনগর-চাতলা সড়ক, জুড়ী-ফুলতলা-বটুলী (লিংক রোড গাজীপুর) সড়ক, কুলাউড়া-শমসেরনগর-শ্রীমঙ্গল সড়ক এবং কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর (রবির বাজার-টিলাগাঁও সংযোগসহ) সড়কের ৮০ দশমিক ৫০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৯০ লাখ টাকা।

সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, ‘কুলাউড়া-বড়লেখা সড়কের ১০টি স্থান পানিতে ডুবে যায়। যেখানে গর্ত হচ্ছে, সেখানেই আমরা ইট ফেলে গর্ত ভরাটের চেষ্টা করছি। কিন্তু দীর্ঘদিন পানি থাকায় সড়কের মাটি কাদা হয়ে গেছে। আমরা যখন ইট ফেলছি, তা টিকছে না। ভারী যানবাহন গেলে কাদার মধ্যে ইট ডুবে যাচ্ছে। এখন বন্যা কমার পর কাজ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা দেওয়া হয়েছে। বরাদ্দ অনুযায়ী কাজ হবে। এর আগ পর্যন্ত ইট-বালু ফেলে যানবাহন চলাচল বজায় রাখার মতো ব্যবস্থা করা হবে।’

অপরদিকে বন্যাকবলিত এলাকায় এলজিইডির ১৮৬ কিলোমিটার রাস্তা ও ৭১টি ব্রিজ/কালভার্ট ক্ষতি হয়েছে। এ বিষয়ে এলজিইডি মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম গতকাল বলেন, ‘রাস্তার ওপর এখনো পানি। পানির জন্য অনেক সড়কে যাওয়া যায়নি। আনুমানিক একটা ক্ষয়ক্ষতি ধরা হয়েছে। পানি সম্পূর্ণ নামলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা জানা যাবে।’