টানা ১২ দিনের বন্যায় জামালপুরের তিনটি উপজেলার ৩১৮ কিলোমিটার কাঁচা–পাকা রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নেমে গেলেও এসব এলাকা থেকে শহরে সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। রাস্তাগুলো দ্রুত চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকার লোকজন।
স্থানীয় লোকজন বলেন, বন্যার কারণে ইসলামপুর উপজেলার ইসলামপুর-মাহমুদপুর, ইসলামপুর-নোয়ারপাড়া, আমতলী-বলিয়াদহ, সিংভাঙা-গুঠাইল, উলিয়া-গুঠাইল, ইসলামপুর-গুঠাইল, গুঠাইল-বেলগাছা, গুঠাইল-চিনাডুলী, মলমগঞ্জ-বেলগাছা, ডেবরাইপ্যাঁচ-দেওয়ানপাড়া, বলিয়াহদ-নোয়ারপাড়া, হাড়গিলা-রামভ্রদা সড়ক, দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ-বেলতলি বাজার, চুকাইবাড়ি- দেওয়ানগঞ্জ ও দেওয়ানগঞ্জ-মলমগঞ্জ, মেলান্দহ উপজেলার মেলান্দহ-মাহমুদপুর, টনকি-পচাবহলা সড়কসহ অর্ধশত সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কে ভারী যানচলাচল বন্ধ রয়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, এসব সড়কের কোনো জায়গায় ভেঙে কোমরসমান গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে কাঁচা রাস্তা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অনেক জায়গায় পাকা রাস্তার ইট ও খোয়া স্রোতে ভেসে গেছে। মাটি বেরিয়ে পড়েছে। লোকজন হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
ইসলামপুর-নোয়ারপাড়া সড়কে দেখা যায়, ইসলামপুর উপজেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরের বলিয়াদহ গ্রাম পর্যন্ত যানবাহন চলছে। কিন্তু বলিয়াদহ গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের নোয়ারপাড়া বাজার পর্যন্ত রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত। এ কারণে রাস্তাটিতে যানচলাচল বন্ধ। দুর্গত লোকজন পোঁটলাপুঁটলি নিয়ে হেঁটে ও কেউ বাইসাইকেলে বাড়ি ফিরছেন। অনেকের মাথায় মালপত্র।
ইসলামপুরের পূর্ব বলিয়াদহ গ্রামের আয়ুব আলী খান বলেন, বন্যায় বাড়িঘর ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র সড়কটির শতাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মেরামত করা না হলে এ সড়কে চলাচল করা অসম্ভব। প্রাথমিকভাবে মাটি ফেলে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।
নোয়ারপাড়া এলাকার আফরোজা বেগম বলেন, তাঁর মেয়েকে চিকিৎসককে দেখাতে বাড়ি থেকে বের হয়েছেন। কিন্তু ভাঙার কারণে রাস্তায় যানচলাচল করে না। তিনি হেঁটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় পুরো জেলায় কাঁচা ২৭৩ ও পাকা ৪৫ কিলোমিটার রাস্তা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি সেতু ও যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের আট কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো জেলায় গ্রাম থেকে শহরের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু সড়ক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় তাঁরা দুর্ভোগ পোহাচ্ছেন। পানি কমে যাওয়ার কারণে নৌকাও চলাচল করছে না।
জেলা প্রশাসক আহমেদ কবীর প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত রাস্তা প্রাথমিকভাবে মেরামত করতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, এখন তা নিরূপণের কাজ চলছে। দ্রুত বিধ্বস্ত রাস্তাঘাট চলাচলের উপযোগী করতে ব্যবস্থা নেওয়া হবে। এতে দুর্গত এলাকার লোকজনের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।