বন্যায় ৩৯ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

​সাম্প্রতিক বন্যায় দেশের ৩৪টি জেলার ৩৯ হাজার ১০২ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষি মন্ত্রণালয় জানায়, দেশব্যাপী অতিবৃষ্টি ও বন্যার কারণে কৃষকের ফসলের ক্ষতি হয়েছে। আরও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে কৃষি অধিদপ্তর থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে দেশে কৃষি উন্নয়ন করপোরেশনের সব দপ্তরে সার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের চাকরির সময়সীমা তিন বছরের বেশি হলে সেখান থেকে তাঁদের বদলির সুপারিশ করা হয়। এ ছাড়া ভৈরবের গুদামে যে পরিমাণ সারের ঘাটতি দেখা দিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সমপরিমাণ টাকা আদায়ের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, আব্দুল মান্নান, এ কে এম রেজাউল করিম তানসেন, নুরুল ইসলাম ওমর ও উম্মে কুলসুম অংশ নেন।