উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। কোনো কোনো বিদ্যালয় বন্যার পানিতে তলিয়ে গেছে, কোনোটি বিলীন হয়ে গেছে ভাঙনে। আর কোনোটি ব্যবহৃত হচ্ছে বন্যায় আক্রান্ত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে। প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে রাজশাহী বিভাগের ৫৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের বন্যায় এ পর্যন্ত ৪২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ আছে। যার মধ্যে ৩৪৯টি বিদ্যালয়ে বন্যার পানি ঢুকেছে। নদীগর্ভে বিলীন হয়েছে ১১টি এবং বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ৬৬টি বিদ্যালয়।
সিরাজগঞ্জের ১ হাজার ৬৬৫টি বিদ্যালয়ের মধ্যে ১৩১টি, নওগাঁয় ১ হাজার ৩৬৪টির মধ্যে ১২০টি, বগুড়ায় ১ হাজার ৫৬৮টির মধ্যে ৭৬টি, পাবনায় ১ হাজার ১১৯টির মধ্যে ১৯টি ও জয়পুরহাটে ৩৭১টির মধ্যে তিনটি বিদ্যালয়ে পানি ঢোকায় পাঠদান বন্ধ রয়েছে। সিরাজগঞ্জে ৮টি, পাবনায় ২টি ও নওগাঁয় ১টি বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়েছে। আর বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সিরাজগঞ্জে ২২টি, বগুড়ায় ১০টি, নওগাঁয় ৩৩টি ও জয়পুরহাটে ১টি স্কুল। রাজশাহী বিভাগে ৮ হাজার ৮৪০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৬১ হাজার ৯৩৬ জন।
অপরদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩৮টি বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদান বন্যার কারণে বন্ধ রয়েছে। এর মধ্যে নওগাঁয় ২৪টি, জয়পুরহাটে ১১টি, বগুড়ায় ১১টি, পাবনায় ৫টি ও সিরাজগঞ্জে ৮৭টি প্রতিষ্ঠান রয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন, বন্যাকবলিত এলাকাগুলোতে মানুষ অবর্ণনীয় কষ্টে দিনযাপন করছে। কোনো কোনো বিদ্যালয় কোমরপানিতে ডুবে গেছে। কোনো বিদ্যালয়ে হাঁটুপানি জমলেও সেখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। আর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন বন্যাকবলিত এলাকার মানুষেরা। ফলে এসব প্রতিষ্ঠানে এখন পাঠদান করা সম্ভব হচ্ছে না।
সুশিক্ষা আন্দোলন মঞ্চ রাজশাহীর আহ্বায়ক ফারুক হোসেন বলেন, বিদ্যালয়ে এক দিন ক্লাস না হওয়ার মানে শিক্ষার্থীদের পিছিয়ে পড়া। উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যাতে দ্রুত তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সে জন্য সংশ্লিষ্টদের এখন থেকেই উদ্যোগ গ্রহণ ও পরিকল্পনা করতে হবে।
রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আবুল খায়ের বলেন, ‘এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। গত কয়েক দিন বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় এবং বিদ্যালয়গুলোতে বন্যার পানি ঢোকায় পাঠদান ব্যাহত হচ্ছে। কিছু কিছু জায়গায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের বাড়ি কিংবা বন্যার পানিমুক্ত আশপাশের ভবনে পাঠদানের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কিছু জায়গায় এ রকম সুযোগ নেই। তাই বন্যার পানি নেমে গেলে দ্রুত বিদ্যালয় পাঠদানের উপযোগী করা হবে। অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বলেন, ‘যেসব বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে সেগুলোর বিষয়ে আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদন দেব। জরুরি শিক্ষাসহায়তা তহবিল থেকে অর্থ বরাদ্দ পেলে বিদ্যালয়গুলো চালুর ব্যবস্থা করার চিন্তাভাবনা আমাদের আছে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শরমিনফেরদৌস চৌধুরী বলেন, বন্যার পানির কারণে পাঠদান করা সম্ভব হচ্ছে না। পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোতে পরবর্তী ছুটির দিনগুলো বাতিল করা হতে পারে। এ ছাড়া শুক্রবারেও ক্লাস নিতে নির্দেশনা দেওয়া হবে। যাতে করে শিক্ষার্থীদের সিলেবাস শেষ হয় এবং তারা ক্ষতিগ্রস্ত না হয়।