বন্যায় ৬০ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পানিতে শরীয়তপুরের চারটি উপজেলার কাঁচা ও পাকা ৮০টি সড়কের প্রায় ৬০ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও সড়ক ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে এখনো বন্যার পানি বইছে। এ ছাড়া পদ্মার ভাঙনে অন্তত পাঁচ কিলোমিটার সড়ক নদীগর্ভে বিলীন হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে গত ২৮ জুলাই থেকে শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায় বন্যা শুরু হয়। বন্যার পানিতে উপজেলাগুলোর ৫৫টি কাঁচা ও ২৫টি পাকা সড়ক তলিয়ে যায়। বিশেষ করে পাকা সড়কগুলোর বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত হয়ে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর বাইরে জাজিরা উপজেলার কাইজ্জার চর, বড়াকান্দি ও কুণ্ডের চর; নড়িয়া উপজেলার সুরেশ্বর এবং ভেদরগঞ্জ উপজেলার চরভাগা এলাকায় পদ্মার ভাঙনে অন্তত পাঁচ কিলোমিটার পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গত শনি ও রোববার জাজিরা ও নড়িয়া উপজেলার ১০টি সড়ক ঘুরে দেখা যায়, অনেক পাকা সড়কের ওপরে সৃষ্ট ছোট-বড় গর্তে এখনো বন্যার পানি জমে আছে। নড়িয়া উপজেলার কেদারপুর-সুরেশ্বর, চাকধর-কেদারপুর, নড়িয়া পাঠানবাড়ি-ডগ্রি ও জাজিরা উপজেলার জাজিরা-কাইজ্জা, নড়িয়া-জাজিরা সড়কের জায়গায় জায়গায় ভেঙে গেছে। কেদারপুর, চাকধর, পাঠানবাড়ি, মুক্তারের চরসহ কয়েকটি গ্রামের কাছে এসব সড়কে ৫ থেকে ১০ ফুট করে অংশ ধসে পড়েছে। সেই ভাঙা অংশ দিয়ে এখনো বন্যার পানি প্রবাহিত হচ্ছে। কিছু সড়কের পানি নেমে গেলেও ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
শরীয়তপুর সদরের চরপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়শা আক্তার বলেন, বিদ্যালয়ের সামনের পাকা সড়কটির অবস্থা বেহাল। জায়গায় জায়গায় গর্ত হয়ে তাতে পানি জমে কাদায় একাকার। ফলে বিদ্যালয় আসতে ছেলেমেয়েদের খুবই অসুবিধা হচ্ছে।
নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজারের ব্যবসায়ী দোলন মিয়া বলেন, কেদারপুর-সুরেশ্বর সড়কের প্রায় এক কিলোমিটার এলাকায় ছোট-বড় গর্ত হয়ে আছে। এখন এই সড়ক দিয়ে কোনো গাড়ি চলে না।
কেদারপুর গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আনোয়ার হোসেন বলেন, ‘বন্যার পানিতে সড়ক ভেঙে যাওয়ায় কেদারপুর-সুরেশ্বর সড়কে অটোরিকশা চালাতে পারছি না। সড়কটি দ্রুত মেরামত করা না হলে আমাদের জীবিকা বন্ধ হয়ে যাবে।’
এলজিইডির নড়িয়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, উপজেলার ২০টি সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সড়ক ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করে সংস্কারের জন্য জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে।
জানতে চাইলে এলজিইডির শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, জেলার বন্যাকবলিত চারটি উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। এসব সড়ক মেরামত করার জন্য এলজিইডির প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে শিগগিরই সংস্কারকাজ শুরু হবে।