বন্যায়ও স্কুল কামাই নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার মধ্যেও কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চরের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করেনি। নৌকা দিয়ে প্রতিদিন তারা বিদ্যালয়ে যাচ্ছে-আসছে। মাঝিরা বিনা পয়সায় তাদের পার করে।চিলমারীর একটি ইউনিয়ন অষ্টমীর চর। পুরো চরটিই ব্রহ্মপুত্রের মধ্যে। চারদিকে কেবলই পানি। ব্রহ্মপুত্রের পানি বর্তমানে বিপৎসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে।চিলমারী ঘাট থেকে নৌকায় অষ্টমীর চর যেতে আধাঘণ্টা লাগে। গতকাল রোববার নদের মধ্যবর্তী অষ্টমীর চরে গিয়ে দেখা যায়, নটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইটালুকান্দি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা একই সঙ্গে নৌকায় করে বিদ্যালয়ে যাচ্ছেন। নটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, গত দেড় মাস তাঁরা এভাবে পারাপার হচ্ছেন। ফরিদার বাড়ি রংপুর শহরে। স্বামী শাহ আলমের বাড়ি অষ্টমীর চরে। বিয়ের পর এখানে চলে আসেন। দুজন একই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব তিন কিলোমিটার। শুকনো মৌসুমে হেঁটে বিদ্যালয়ে যাওয়া যায়। বন্যার সময় নৌকায়।ফরিদা ইয়াসমিন জানান, দুর্গম চরাঞ্চল হলেও এখানকার ছেলেমেয়েদের লেখাপড়ার আগ্রহ বাড়ছে। বিশেষ করে মেয়েদের মধ্যে এ প্রবণতা খুবই বেশি। তিনি আরও জানান, কয়েক বছর আগেও চরে ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়ার আগ্রহ কম ছিল। বেশি ছিল বাল্যবিবাহের প্রবণতা। এরপর শিক্ষক ও সচেতন মানুষের সহায়তায় অভিভাবকদের বুঝিয়ে ছেলেমেয়েদের বিদ্যালয়মুখী করার চেষ্টা চলে। এখন অবস্থা অনেক পাল্টে গেছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৭৫। এর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি।নৌকায় বসে কথা হয় ইটালুকান্দি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মনি বেগম ও লাকি আখতার; সপ্তম শ্রেণীর স্বপ্না বেগম, কল্পনা রানী ও পারুল আখতারের সঙ্গে। তারা বলে, ‘যত কষ্টই হোক, প্রতিদিন স্কুলে যাই। যাওয়া-আসায় অসুবিধা হয়। সময়মতো হাজির হতে পারি না। ঘাটে এসে ঠিকমতো নৌকা পাই না। তাড়াতাড়ি ঘাটে এসে দেখি, নৌকা নেই। ফলে দেরি হয়। বিদ্যালয়ের জন্য একটা নৌকা থাকলে আর দেরি হতো না।’অষ্টম শ্রেণীর মমতাজ বেগম বলে, ‘আমরা চরে বসবাস করলেও বুঝেছি, লেখাপড়া করতে হবে। তবে গরিব মানুষের পড়াশোনার অনেক সমস্যা। এসএসসি পাস করলে কলেজে ভর্তি হতে হবে। আশপাশে কোনো কলেজ নেই। চিলমারী বা রৌমারী গিয়ে ভর্তি হতে হবে। দূরত্ব ২০ থেকে ৩০ কিলোমিটার। এত দূর গিয়ে পড়াশোনার খরচ চালানো কজনের পক্ষে সম্ভব? চরের প্রায় সবাই গরিব মানুষ। তবু পড়াশোনা করছি, যদি সরকার কোনো ব্যবস্থা নেয়।’নবম শ্রেণীর চম্পা ইয়াসমিন ও রেখা বেগম বলে, ‘আমরা সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ভালো শিক্ষক নেই, যোগাযোগব্যবস্থা খারাপ। ঝড়-বন্যা লেগেই আছে। বেশি বন্যার সময় বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকে।’নৌকার মাঝি গুদু মিয়া (৫০) বলেন, ‘ছাওয়াগুলারে প্রত্যেক দিন বিনা পয়সায় পার করি। ভালা লাগে। আমার ছাওয়া-পাওয়া তো স্কুলে যায়।’ অভিভাবক মেনহাজ উদ্দিন ও রহমত আলী পেশায় দিনমজুর। তাঁদের জমি নেই। অন্যের জমিতে দুটি খড়ের ঘর তুলে থাকেন। দুই মেয়ে এক ছেলে। সবাই স্কুলে যায়। ‘সবাই কয়, তাই চিন্তা কইরা ছাওয়াগুলারে লেহাপড়ায় দিলাম। ভালো আদপকায়দা শিখছে। চিডি (চিটি) লেখতে-পড়তে পারে। নিজে তো পড়বার পারি নাই। ওগোরে পড়ামু।’ বলছিলেন তাঁরা।নটারকান্দি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন জানান, তাঁদের বিদ্যালয়ে ৫০০ শিক্ষার্থী। এর অর্ধেক মেয়ে। এখানে অনেক অসুবিধার মধ্যে চেষ্টা করা হয় ভালো শিক্ষা দিতে। কোনো বাচ্চা স্কুলে না এলে বাড়িতে গিয়ে বুঝিয়ে নিয়ে আসা হয়।অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব আলী বলেন, ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় আটটি ও বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় পাঁচটি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা চার হাজার ৭০০। চলতি বছর ইটালুকান্দি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে ৫৩ জন, পাস করেছে ৪১ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুজন। তিনি আরও বলেন, ‘চরের মানুষ গরিব। আগে লেখাপড়া করাত না। আমরা বুঝিয়েছি। এখন তাঁরা বলেন, “জমিজমা কিছুই নেই। ছওয়ালরা গরু চরায়। অহন দেহি ছাওয়াল-পাওয়ালরে লেখাপড়া করাইয়া কী হয়।” এভাবেই শুরু। এখানে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা কম। জন্ম নিবন্ধন শতভাগ। ফলে বাল্যবিবাহ কম হয়।’