বনয়ারীনগর সি বি উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে গত শনিবার পাবনার ফরিদপুর উপজেলার ঐতিহ্যবাহী বনয়ারীনগর সি বি পাইলট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন করা হয়েছে।ওই দিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। সঞ্চৃতিচারণা, আনন্দ-আড্ডা, গুণীজন সম্মাননা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রোববার উৎসবের শেষ হয়। শনিবার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন পাবনা-৩ আসনের সাংসদ মো. মকবুল হোসেন, স্কুলের প্রাক্তন ছাত্র মাহবুল আলম, মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ আলী, পশুসম্পদ মন্ত্রণালয়ের সাবেক পরিচালক আবদুল হক, সাবেক সাংসদ কে এম আনোয়ারুল হক, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, পাবনার জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান, পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন প্রমুখ।গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মাজেদ। বক্তৃতা করেন স্কুলের প্রাক্তন ছাত্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোকাদ্দেস হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ কুণ্ডু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রহমান প্রমুখ।প্রসঙ্গত, ১৯১২ সালে পাবনার জমিদার বনমালী রায় বাহাদুরের দুই ছেলে তাদের বাবার স্মৃতিরক্ষায় বনওয়ারীনগর করনেশন বনমালী হাইস্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে স্কুলটির নামকরণ করা হয় বনওয়ারী নগর সি বি (করনেশন বনমালী) পাইলট উচ্চবিদ্যালয়।