বপনের শেষ সময়েও মিলছে না গমবীজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে গমবীজ বপনের সময় শেষ হতে চললেও সংকটের কারণে ঠাকুরগাঁওয়ের কৃষকেরা চাহিদামতো বীজ সংগ্রহ করতে পারছেন না। গতকাল বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) জ্যেষ্ঠ সহকারী পরিচালকের (বীজ বিপণন) দপ্তরে গিয়ে দেখা গেছে, বাজারে সাধারণ ডিলারদের কাছে গমবীজ না পেয়ে সেখানে শতাধিক কৃষক ভিড় করেছেন।ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর গ্রামের কৃষক সাদ্দাম হোসেন জানান, চলতি মৌসুমে গম চাষের জন্য চার বিঘা জমিতে হাল চাষ দিয়েছেন। গম লাগানোর সময় প্রায় শেষ। কিন্তু স্থানীয় ডিলারদের কাছে একমুঠ বীজও মিলছে না। উপায়ান্তর না দেখে বীজ সংগ্রহের জন্য গত বুধবার সকালে বিএডিসির বীজ বিক্রয়কেন্দ্রের লাইনে দাঁড়ান। সারা দিন লাইনে দাঁড়িয়ে মাত্র এক বস্তা বীজ সংগ্রহ করতে পেরেছেন। চাহিদামতো বীজ না পেয়ে কৃষক সাদ্দাম হোসেন বলেন, ‘১৫ দিন হলো গম লাগানোর জমির চাষ শেষ করেছি। সাত দিন ধরে ডিলারের পেছনে ঘুরছি। একবার বলে বীজ নেই, আবার বলে বীজ আসছে। তাই ডিলারের ভরসায় না থেকে বিএডিসির বীজ বিক্রয়কেন্দ্রে চলে এসেছি। চার বিঘার জন্য চার বস্তা (প্রতি বস্তায় ২০ কেজি) বীজ প্রয়োজন হলেও এখানে এসে পেয়েছি মাত্র এক বস্তা। এখন বাকি জমি ফেলে রাখা ছাড়া উপায় নেই।’ তিনি জানান, স্থানীয় ডিলাররা তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন, সংকটের কারণে বিএডিসি এবার ডিলারদের কম বীজ সরবরাহ করেছে। যার কারণে তাদের হাতে এখন আর গমবীজ মজুত নেই। শীবগঞ্জ এলাকার কৃষক আবদুল লতিফ জানান, তিনি ডিলারের কাছ থেকে বিএডিসির সিলমোহর দেওয়া গমবীজ কিনেছেন এক হাজার টাকায়। সদর উপজেলার গড়েয়া হাটের বিএডিসির বীজ ডিলার আকতার হোসেন বেশি দামে গমবীজ বিক্রির অভিযোগ অস্বীকার করে জানান, তিনি তাঁর বরাদ্দের পাঁচ টন ১০০ কেজি বীজ ইতিমধ্যে বিক্রি করে ফেলেছেন। বিএডিসি (বীজ বিপণন) ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. শামসুজ্জামান বলেন, এ অঞ্চলে (পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের আংশিক) ১৫৭ জন ডিলার রয়েছেন। সরকারের বরাদ্দ দেওয়া বীজ এ পর্যন্ত শতাধিক ডিলারের কাছে বিতরণ করা হয়েছে। দু-এক দিনের মধ্যে আরও কিছু বীজ পাওয়া যাবে। তখন সংকট কেটে যাবে।ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলায়েত হোসেন জানান, চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় ৫৮ হাজার হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে কৃষকেরা যেভাবে গম চাষে ঝুঁকে পড়েছেন, তাতে এই লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবে। তিনি আরও জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী গম চাষের জন্য ১১ হাজার ৬০০ মেট্রিক টন গমবীজের প্রয়োজন। অথচ বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র এক হাজার ২৫০ মেট্রিক টন।