
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে বাস করা বম জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে, তাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও উদ্যোগী ভূমিকা রাখতে হবে। গতকাল শুক্রবার সকালে বান্দরবান শহরতলির লাইমিপাড়ায় ইয়াং বম অ্যাসোসিয়েশন (ওয়াইবিএ) আয়োজিত বার্ষিক সম্মেলনে বম যুবনেতারা এসব কথা বলেছেন।
বার্ষিক সম্মেলন উপলক্ষে সিপ্পি নামে প্রকাশিত স্মারক সাময়িকীতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে প্রায় ১১ হাজার ৩৬৭ জন বম বসবাস করে। বান্দরবান সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলার দুর্গম এলাকায় বম জনগোষ্ঠীর বসবাস। একটা সময় বমরা সবাই জুমচাষের সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে প্রায় ৫০ শতাংশ বম পরিবার ফলদ-বনজ বাগানের ওপর নির্ভরশীল। বান্দরবানের বাইরে রাঙামাটিতেও বম সম্প্রদায় রয়েছে।
দুই দিনব্যাপী বম যুব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, ময়মনসিংহের সাংসদ জুয়েল আড়েং, সেনাবাহিনীর বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, বান্দরবান জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু মারমা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন।
ওয়াইবিএর সভাপতি ভানহ্লির বমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য রেংলিয়ান পাংখুয়া, বম সোশ্যাল কাউন্সিলের সদস্য পাকসিম বিতহ্লিং, ওয়াইবিএর সহসভাপতি সিমন আমলাই।
সম্মেলনের প্রধান অতিথি প্রতিমন্ত্রী বাহাদুর বলেন, শান্তিচুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সংঘাতের সমাধান হয়েছে। সরকার পার্বত্য এলাকার সব জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করছে। বম জনগোষ্ঠীও সেই উন্নয়নের ধারায় সম-অংশীদার হয়ে এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন বলেন, বম জনগোষ্ঠী অত্যন্ত শান্তিপ্রিয়। তাদের ছোট ছোট সমস্যা থাকলে সেগুলো সবাই মিলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি বলেন, কর্মমুখী শিক্ষা ও বাস্তবমুখী কার্যক্রম গ্রহণ করে বম সমাজকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে আসতে হবে।
বম নেতারা বলেন, ওয়াইবিএ দুর্গম এলাকায় বসবাসরত বম সম্প্রদায়ের লোকজনকে শিক্ষা ও চিকিৎসাসুবিধা দেওয়ার চেষ্টা করছে। বমদের বিভিন্ন পাড়া-গ্রামে যাতায়াতের জন্য তারা রুমা উপজেলার বগা লেকে রাতযাপনের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা করেছিল। কিন্তু রুমা উপজেলা প্রশাসন কোনো নোটিশ না দিয়েই সেটি ভেঙে দিয়েছে। ভাঙার সময় বমরা বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সমাধানের জন্য তাঁরা প্রশাসনের প্রতি আহ্বান জানান।