বম জাতিগোষ্ঠীর প্রবীণ নেতা এল দলিয়ানের মৃত্যু
বান্দরবানের বম জনগোষ্ঠীর প্রবীণ নেতা এল দলিয়ান বম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত রোববার রাতে জেলা শহরের উজানীপাড়ার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
পরিবারের সদস্যরা জানান, এল দলিয়ান বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে বম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবার বান্দরবান সদর উপজেলার গ্যেৎসেমানি পাড়ায় তাঁর মরদেহ সমাধিস্থ করা হয়।
বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি জুয়েল বম জানান, এল দলিয়ান বম ১৯৩২ সালের ২ এপ্রিল রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত রনিনপাড়ায় জন্মগ্রহণ করেন। বম সমাজে তাঁর অবদান অসামান্য। তিনি ১৯৫২ সালে বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) গঠন করেন। বম ভাষায় প্রাথমিক পাঠ্যবইয়ের লেখক ও প্রকাশক ছিলেন তিনি। তিনি রুমা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।