বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দড়ি নগুয়া গ্রামে আজ শনিবার ভোর পাঁচটার দিকে মেসার্স শাকিল অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন তিনজন।
নিহত শ্রমিকেরা হলেন সুলতান উদ্দিন (৩৫), রহমত আলী (৩৬) ও হযরত আলী (৩৬)। সুলতান উদ্দিন ও রহমত আলীর বাড়ি উপজেলার নড়াইল ইউনিয়নের নড়াইল গ্রামে। হযরত আলীর বাড়ি ধারা ইউনিয়নের ধারাকান্দা গ্রামে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হালুয়াঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে শ্রমিকেরা কেবল কাজ শুরু করেন। এ সময় হঠাত্ বিকট শব্দে রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনায় ছয়জন শ্রমিক আগুনে পুড়ে যান। অগ্নিদগ্ধ ব্যক্তিদের হালুয়ঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিত্সক সুলতান উদ্দিন, রহমত আলী ও হযরত আলীকে মৃত ঘোষণা করেন।
রাইস মিলে কর্মরত কয়েকজন শ্রমিক জানান, বয়লারের মিটারটি আগে থেকেই নষ্ট ছিল। মাঝেমধ্যে তাপ বেড়ে যেত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল বলেন, অতিরিক্ত তাপের কারণে বয়লার বিস্ফোরিত হয়। এ ব্যাপারে মালিকপক্ষের অবহেলা ছিল বলে শ্রমিকেরা অভিযোগ করেন। বিস্ফোরণের ঘটনার পর থেকে রাইস মিলের স্বত্বাধিকারী হাজি ফারুক হোসেনকে পাওয়া যাচ্ছে না।