বয়লার বিস্ফোরণে পুড়লেন পাঁচ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী এলাকায় শান্তা নিটিং অ্যাপারেলস নামের একটি কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে গরম পানিতে পাঁচ শ্রমিকের শরীর ঝলসে গেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন ইমন (২৫), শাহাদাৎ হোসেন (২৪),আরিফুল (২৩), জাহাঙ্গীর (২২) ও হাসেম (২২)। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ওই গ্রুপের কর্মকর্তা জি এম শাহিন। তাঁর ভাষ্য, আজ সকালে মাসকো গ্রুপের শান্তা নিটিং অ্যাপারেলসের বয়লার মেরামত করার সময় এটি বিস্ফোরিত হয়। এ সময় সেটি বিস্ফোরিত হয়ে গরম পানি বেরিয়ে এলে তাতে ওই শ্রমিকদের শরীর ঝলসে যায়। তাঁদের উদ্ধার করে বেলা দেড়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, গরম পানিতে হাসেমের শরীরের ৭২, ইমনের ৫০ ও জাহাঙ্গীরের ৩২ শতাংশ ঝলসে গেছে। তাঁদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া আরিফুলের শরীরের ১৩ শতাংশ ও শাহদাৎ হোসেনের ১১ শতাংশ ঝলসে গেছে।