ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে বয়স ও শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর কারণে অনেক শিক্ষিত বেকার নারী-পুরুষ আবেদন করতে পারছেন না। সেই সঙ্গে বেতন না বাড়ায় এই কর্মসূচির প্রতি আগ্রহও কমছে।
কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস ও বয়স ১৮ থেকে ৩৫ বছর ছিল। এ বছর তৃতীয় পর্যায়ে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক ও বয়স ১৮ থেকে বাড়িয়ে ২৪ করায় অনেক বেকারের এ প্রকল্পে আবেদনের যোগ্যতা নেই। এ ছাড়া ২০০৯ সালে প্রকল্পটি শুরুর সময় বেতন ছিল ছয় হাজার টাকা। এখনো ওই বেতন থাকায় বেকার যুবকদের এ কর্মসূচির প্রতি আগ্রহ কমছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মহাজোট সরকারের সময়ে বেশ কয়েকটি জেলায় প্রতি ঘরের একজনকে চাকরি দেওয়ার লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করা হয়। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুনভাবে দেশের দরিদ্রতম ১৭টি উপজেলার ৪২ হাজার ৫০০ জন শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ কর্মসংস্থানে নিয়োজিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই বছর মেয়াদি এই কর্মসূচির তৃতীয় পর্যায়ে চালুর লক্ষ্যে গত ১১ জানুয়ারি দুটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শিক্ষিত বেকারদের আবেদন করতে বলা হয়। ১২ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। এরপর আবেদনের সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। জনসংখ্যা অনুপাতে কাউখালী উপজেলায় ১ হাজার ৫০০ জন বেকারের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে ২৬ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত মাত্র ৫৭৮ জন আবেদন করেছেন। এর ৩৩৩ জন নারী।
কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তৃতীয় পর্যায়ের প্রকল্পে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন উচ্চমাধ্যমিক পাস এবং বয়সসীমা ২৪ থেকে ৩৫ বছর করা হয়েছে। এ অবস্থায় এসএসসি পাস ও ২৪ বছরের কম বয়সের অনেকে আবেদন করতে পারছেন না।