রাঙামাটি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগে বয়সসীমা শিথিল না করায় রাঙামাটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৩০ বছরের বেশি বয়সীরা সরকারি চাকরি করতে পারবেন না বলে অনেক চাকরিপ্রার্থী ও অভিভাবকেরা হতাশ হয়ে পড়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২৩টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। সেখানে বয়সসীমা শিথিল করা হয়নি। অথচ গত বছরের ২২ ডিসেম্বর বান্দরবান পার্বত্য জেলায় শিক্ষক নিয়োগে বয়সসীমা শিথিল রাখা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে গত বছরের ২৬ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে তিন পার্বত্য জেলা পরিষদে একটি চিঠি পাঠানো হয়। সেখানে ২০১৩ সালের সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা অনুসরণের অনুরোধ জানানো হয়। এর আগে সংস্থাপন মন্ত্রণালয়ের ১৯৮৫ সালের ১৬ জানুয়ারি এক স্মারকে পার্বত্য তিন জেলার অধিবাসীদের চাকরিতে নিয়োগে ১০ বছর বয়সসীমা শিথিলের ঘোষণা দেওয়া হয়। পরে ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় অন্য একটি স্মারকে তিন পার্বত্য জেলা পরিষদে পাঠানো চিঠিতে সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারকের কার্যকারিতা বহাল থাকার বিষয়টি নিশ্চিত করে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানান, সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তিন পার্বত্য জেলার অধিবাসীদের ক্ষেত্রে বয়স স্বাভাবিক বয়সসীমার তুলনায় ১০ বছর এবং শ্রমসাধ্য কাজের ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত শিথিল করা আছে।
নাম প্রকাশ না করার শর্তে ছয়-সাতজন নিয়োগপ্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, বান্দরবানে বয়সসীমা শিথিল করা হয়েছে। তাঁদের করা হলো না, এতে তাঁদের অধিকার ক্ষুণ্ন হয়েছে।
রাঙামাটি সদর উপজেলার নিয়োগপ্রার্থীর অভিভাবক সুদীপ্ত চাকমা বলেন, জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় নিয়োগে সবচেয়ে বেশি চাকরি হয় প্রাথমিক শিক্ষা বিভাগে। যাঁদের বয়স ৩০ বছর পার হয়েছে, তাঁরা আর কেউ সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন না। বিষয়টি আরও আগেই জানানো উচিত ছিল।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানে আগের নিয়মে নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ রাঙামাটিতে সেটা তুলে দেওয়া হয়েছে। আর খাগড়াছড়িতে এখনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, ‘বিষয়টি আমি রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে বলেছি।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘আমরা কয়েক দিনের মধ্যে সভা আহ্বান করব। সেখানে সিদ্ধান্ত নেব বয়সসীমা বিষয়ে কী করা যায়।’