রাঙামাটি পার্বত্য জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বয়সসীমা শিথিল করার বিষয়ে মতামত চেয়ে গতকাল সোমবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষাবিষয়ক সভার সিদ্ধান্ত অনুযায়ী চিঠি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় অধিকাংশ সদস্য বয়সসীমা আগের মতো শিথিলের পক্ষে মত দেন। পরে বয়সসীমা শিথিলের ব্যাপারে মন্ত্রণালয়ের মতামত চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
গত ১২ ফেব্রুয়ারি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ৩২৩টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে পার্বত্য জেলার অধিবাসীদের বয়সসীমা শিথিলের যে নিয়ম ৩০ বছর ধরে প্রচলিত ছিল, তা না রাখায় নিয়োগপ্রার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, গত বছরের ২৬ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে ২০১৩ সালের সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা অনুসরণের কথা বলা হয়। তাই সেভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু স্থানীয় অধিবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ায় বয়সসীমা শিথিলের ব্যাপারে মন্ত্রণালয়ের সচিবের কাছে মতামত চেয়ে আজ (গতকাল সোমবার) চিঠি পাঠানো হয়েছে।’