বয়স্ক ও বিধবা ভাতার বই অনুমোদনে ঘুষ দাবি!
নোয়াখালী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার সুবিধাভোগী ব্যক্তিদের প্রতি পাস বই অনুমোদনে এক হাজার টাকা করে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, দাবি করা ঘুষের টাকা না দেওয়ায় শতাধিক সুবিধাভোগীর পাস বই অনুমোদন আটকে রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী বয়স্ক, বিধবা ভাতাপ্রাপ্ত কোনো ব্যক্তি মারা গেলে একই গ্রাম ও ওয়ার্ড থেকে নতুন সুবিধাভোগী বাছাই করে মৃত ব্যক্তির নামের পাস বই নতুন করে মনোনীত ব্যক্তির নামে অনুমোদন করতে হয়। আর এই অনুমোদন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
সরকারি এই নিয়ম মেনে সম্প্রতি উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন পরিষদ থেকে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে ৬০ জন বয়স্ক ও বিধবার তালিকা চূড়ান্ত করে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল মাঠকর্মীদের মাধ্যমে অনুমোদনের জন্য বইপ্রতি এক হাজার টাকা দাবি করেন। এ বিষয়ে জানার জন্য গত বুধবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে গেলে তিনি চেয়ারম্যানের কাছেও ঘুষ দাবি করেন। এ নিয়ে কার্যালয়ে দুজনের মধ্যে তুমুল বাগিবতণ্ডা হয়। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত ওই বইগুলো অনুমোদন দেওয়া হয়নি।
আবুল কালাম অভিযোগ করেন, সমাজসেবা কর্মকর্তাকে ঘুষ দাবির বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে তিনি তাঁর কাছেও বইপ্রতি এক হাজার টাকা করে দাবি করেন এবং গরিব-দুস্থ ব্যক্তিদের কাছ থেকে টাকা তুলে দিতে অপারগতা প্রকাশ করায় দুর্ব্যবহার করেন।
একই অভিযোগ করেছেন এওজবালিয়া ইউপির চেয়ারম্যান মো. শাহজাহানও। তিনি প্রথম আলোকে জানান, যাঁরা বয়স্ক ভাতা পান, তাঁদের এমনিতে যে কারোরই সহযোগিতা করা উচিত। কিন্তু সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উল্টো হয়রানির শিকার হতে হয়।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন আবদুল আউয়াল। মুঠোফোনে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, যেসব পাস বই আটকে রাখা হয়েছে, সেগুলো যাঁদের নাম প্রস্তাব করা হয়েছে, তাঁদের কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই করতে সময় লাগায় অনুমোদনে দেরি হচ্ছে।