বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা বেশি মারা যাচ্ছেন অসংক্রামক ব্যাধিতে। আর ৫ বছরের কম বয়সী শিশু বেশি মারা যাচ্ছে নিউমোনিয়ায়। এদিকে মাতৃমৃত্যু বেশি হচ্ছে প্রসবকালীন জটিলতায়।
গত ৩৫ বছরের গড় আয়ু বৃদ্ধি পর্যালোচনা করে পরিসংখ্যান ব্যুরো বলছে, বছরে পুরুষের গড় আয়ু শূন্য দশমিক ৪৩ বছর এবং নারীর গড় আয়ু শূন্য দশমিক ৫৩ বছর করে বেড়েছে। দেশের মানুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৬ বছর।
পরিসংখ্যান ব্যুরোর এই তথ্য ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৬’ শীর্ষক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ২ হাজার ১২টি নমুনা এলাকার ২ লাখ ২০ হাজার ৮৭২টি পরিবারের সারা বছরের (২০১৬ সালের) জন্ম, মৃত্যু, বিবাহ ও স্থানান্তর-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ব্যুরো। এসব নমুনা এলাকায় জনসংখ্যা ছিল ৯ লাখ ৫৭ হাজার ৯১৩। ১ বছরে মৃত্যু হয় ৪ হাজার ৮৩৯ জনের। এসব মৃত্যুর পর্যালোচনা করা হয়েছে প্রতিবেদনে। গত সপ্তাহে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে পরিসংখ্যান ব্যুরো।
মৃত্যু বেশি অসংক্রামক ব্যাধিতে
সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে এমন ১৫টি কারণের তালিকা প্রতিবেদনে দেওয়া হয়েছে। তালিকার শীর্ষে আছে বার্ধক্যজনিত কারণ। প্রায় ১৯ শতাংশ মৃত্যু হচ্ছে এ কারণে। দ্বিতীয় প্রধান কারণ স্ট্রোক; এতে ১৬ শতাংশ মৃত্যু হচ্ছে। আর ৯ শতাংশ মৃত্যু হচ্ছে ক্যানসারে।
মৃত্যুর অন্যান্য কারণের মধ্যে রয়েছে শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ, নিউমোনিয়া, অ্যাজমা, উচ্চ রক্তচাপ, নানা ধরনের জ্বর, কিডনির সমস্যা, নানা ধরনের দুর্ঘটনা, স্নায়বিক স্ট্রোক, ডায়াবেটিস, পানিতে ডোবা ও অন্য কিছু রোগ।
পর্যালোচনায় দেখা যায়, মৃত্যুর কারণের তালিকায় অসংক্রামক ব্যাধির (নন-কমিউনিকেবল ডিজিজ-এনসিডি) প্রাধান্য। শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, স্নায়বিক স্ট্রোক, ডায়াবেটিস—এগুলো অসংক্রামক ব্যাধি। ৪৮ দশমিক ৫ শতাংশ মৃত্যুর কারণ এসব ব্যাধি। বার্ধক্যজনিত মৃত্যুর পেছনেও বড় ভূমিকা রাখে অসংক্রামক ব্যাধি। জানতে চাইলে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক আজাদ খান প্রথম আলোকে বলেন, দেশে রোগের ধরনে পরিবর্তন এসেছে। এখন অসংক্রামক রোগেই বেশি মানুষ মারা যাচ্ছে। মৃত্যুর প্রধান কারণগুলো মোটামুটি একই আছে। তিনি বলেন, ৬০ থেকে ৭০ শতাংশ অসংক্রামক ব্যাধি প্রতিরোধযোগ্য। জীবন যাপন প্রণালি ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।
শিশুর শত্রু
দেশে ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। ৩০ দশমিক ৫ শতাংশ শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। নিউমোনিয়ায় শিশুমৃত্যুর হার শহরের চেয়ে গ্রামে অনেক বেশি। শিশুমৃত্যুর অন্য কারণগুলোর মধ্যে রয়েছে শ্বাসতন্ত্রের রোগ, নানা ধরনের জ্বর, পানিতে ডোবা, অপুষ্টি, ডায়ারিয়া, হৃদ্রোগ (জন্মগত) ও জন্ডিস। শ্বাসতন্ত্রের রোগ, জ্বর ও অপুষ্টিতে শিশুমৃত্যুর হার গ্রামের চেয়ে শহরে বেশি।
মাতৃমৃত্যু বেশি হয় প্রসবকালে
প্রতিবেদন বলছে, সবচেয়ে বেশি মাতৃমৃত্যু হচ্ছে প্রসবকালে—২৮ দশমিক ১ শতাংশ। মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ গর্ভধারণকালীন জটিলতা। এক-চতুর্থাংশ মাতৃমৃত্যু হয় এ কারণে। আর প্রসবের পরপরই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যাচ্ছেন ১৫ দশমিক ৬ শতাংশ মা। গর্ভপাতজনিত জটিলতায় ১৯ শতাংশ নারীর মৃত্যু হচ্ছে।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গত চার দশকে দেশে স্বাস্থ্যসেবার পরিধি ও মান বেড়েছে। শিশু ও মাতৃমৃত্যু উল্লেখযোগ্যভাবে কমেছে। ডায়ারিয়ার মতো সংক্রামক রোগে মৃত্যু কমেছে। পাশাপাশি মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে, জীবনমানের পরিবর্তন হয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে মানুষ দ্রুত হাসপাতালে যেতে পারে। এসবই মৃত্যুর হার কমাতে বড় ভূমিকা রেখেছে।