বয়স্করা পেলেও বিধবা ও প্রতিবন্ধীরা ভাতা পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে তালিকাভুক্ত ৬২৫ জন বয়স্কভাতার টাকা পেয়েছেন। প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা বেগমের নির্দেশে তাঁরা ভাতা পেলেও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের গাফিলতির কারণে ২৯৭ জন বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তি ঈদের আগে ভাতার টাকা পাননি।

ভাতা বিতরণে নিয়োজিত সোনালী ব্যাংক সরোজগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু জাফর জানান, সমাজসেবা অধিদপ্তর থেকে বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের তালিকা না দেওয়ায় বিতরণ করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সমাজসেবা অধিদপ্তর চুয়াডাঙ্গা সদর উপজেলা কর্মকর্তা আবদুল্লাহ আল সামী বলেন, সময়স্বল্পতার কারণে বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের তালিকা হালনাগাদ করা যায়নি। তবে গতকাল বিকেল পর্যন্ত তালিকাভুক্ত ৬২৫ জনকে বয়স্কভাতার টাকা দেওয়া হয়েছে।

গত শনিবার প্রথম আলোয় ‘চুয়াডাঙ্গার সোনালী ব্যাংকে ভাতার টাকা আত্মসাৎ, ৯২২ পরিবারের ঈদ আনন্দ মাটি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়েছিল, সোনালী ব্যাংকের সরোজগঞ্জ শাখায় ৬২৫ জন বয়স্ক, ২২৩ জন বিধবা ও ৭৪ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির ভাতার ৬৩ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে সমাজসেবা অধিদপ্তর। এ কারণে ওই শাখা থেকে ঈদের আগে সব ধরনের ভাতা বিতরণ কার্যক্রম স্থগিত করে প্রতিষ্ঠানটি।

সংবাদটি নজরে এলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা বেগম ও পরিচালক (কার্যক্রম) মোয়াজ্জেম হোসেন চুয়াডাঙ্গ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) ছানোয়ার হোসেনের সঙ্গে ফোনে কথা বলে বিস্তারিত খোঁজ নেন এবং ঈদের আগে ভাতার টাকা বিতরণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সঙ্গে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে খোঁজ নেন।

ইউএনও প্রথম আলোকে বলেন, ভাতা নিয়ে যাঁরা দুর্নীতি-অনিয়ম করেছেন তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।