বয়স্করা পেলেন কম্বল, নতুন পোশাক শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার নওগাঁ সদর ও বগুড়ার আদমদীঘি উপজেলার দেড় শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে সোমবার বাগেরহাটে ৮৭ শিশুকে নতুন পোশাক দেওয়া হয়।

গতকাল সকালে নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর, বোয়ালিয়া, খাগরকুড়ি, দোগাছি ও আদমদীঘি উপজেলার দমদমা, ছাতনী ও কলসা গ্রামের দিনমজুর, রিকশাচালক, প্রতিবন্ধী ও দুস্থ নারীদের এসব কম্বল দেওয়া হয়। কম্বলগুলো কেনায় আর্থিক সহায়তা দেয় বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

মঙ্গলপুর গ্রামের আছিয়া বেগম বলেন, ‘কয়েক বছরের মধ্যে এ বছর বেশি শীত পড়িছে। কম্বল পায়া অনেক উপকার হলো।’ কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সান্তাহার বন্ধুসভার সভাপতি এস এম জুয়েল, সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জি এম অভি প্রমুখ।

এর আগে সোমবার রাতে বাগেরহাটে ৮৭ শিশুকে নতুন পোশাক দেওয়া হয়। প্রথমে দুটি বেদে বহরের ৩০টি পরিবারের বিভিন্ন বয়সের ৪৯টি শিশুকে এবং পরে শহরের বিভিন্ন এলাকা ঘুরে আরও ৩৮ শিশুকে নতুন পোশাক দেওয়া হয়। এসব পোশাক বিতরণে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।

পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বাগেরহাট সভার সহসভাপতি সাজ্জাদ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রিজিয়া পারভীন, অনুষ্ঠান সম্পাদক সরদার ইনজামামুল হক ও প্রথম আলোর বাগেরহাট জেলা প্রতিনিধি আহাদ হায়দার।