বর ও বাবার কারাদণ্ড
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর গ্রামের সাইফুল ইসলাম (৩০) নামের এক পোশাকশ্রমিক ও তাঁর বাবা মজনু মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাইফুল গতকাল শুক্রবার এক স্কুলছাত্রীকে বিয়ে করতে গেলে তাঁকে ও মজনুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ কামাল হোসেন ওই দণ্ড দেন।
এলাকার অনেকে জানান, স্থানীয় ব্র্যাক পরিচালিত উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ওই মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। তার সঙ্গে বিয়ে ঠিক হয় সাইফুলের। গতকাল বিয়ের অনুষ্ঠানে পুলিশ নিয়ে উপস্থিত হন ইউএনও। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাইফুল ও মজনুকে ওই দণ্ড দেওয়া হয়।
ব্র্যাকের শিক্ষা কর্মসূচি সংগঠক মো. ফয়েজ আহমেদ বলেন, ‘স্থানীয়ভাবে বিয়ে বন্ধ করার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত প্রশাসনকে ঘটনাটি জানাই। পরে ইউএনও এসে ওই বিয়ে বন্ধ করেন এবং বর ও তাঁর বাবাকে ওই শাস্তি দেন।’