বর-কনে পক্ষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে গতকাল বুধবার পাবনার বেড়া উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের কয়েকটি বিয়ের অনুষ্ঠান হয় নানা বিপত্তির মধ্য দিয়ে। বরপক্ষকে কনেপক্ষের বাড়িতে বাধ্য হয়ে বিয়ের এক দিন আগেই যেতে হয়। এতে ব্যয় যেমন বেড়ে যায়, তেমনি বর-কনে উভয় পক্ষকেই পোহাতে হয় দুর্ভোগ।পঞ্জিকা অনুসারে গতকাল বিয়ের লগ্ন থাকায় উপজেলায় অন্তত ২০টি বিয়ে অনুষ্ঠিত হয়। এসব বিয়ের তারিখ নির্ধারণ করা হয় বহু আগে। কিন্তু বেড়াসহ উত্তরাঞ্চলে সোমবার থেকে গতকাল পর্যন্ত প্রতিদিনই ছিল সকাল-সন্ধ্যা হরতাল। হরতালের মধ্যে বিপত্তি মাথায় নিয়ে বিয়েগুলো অনুষ্ঠিত হয়। বেড়া পৌর এলাকার এক কনের অভিভাবক বলেন, ‘এমনিতেই বিয়ের খরচ জোগাতে প্রায় পথে দাঁড়ানোর অবস্থা। এর ওপর বরযাত্রীদের থাকা-খাওয়ার খরচ বেড়ে যাওয়ায় চোখে আমরা অন্ধকার দেখছি।’বেড়া কেন্দ্রীয় হরিবাড়ি মন্দিরের পুরোহিত মানিক ভট্টাচার্য্য বলেন, বেড়ায় গতকাল কমপক্ষে ২০টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। হরতালের কারণে মঙ্গলবার রাতেই বেড়ায় কয়েকটি বিয়ের বরসহ বরযাত্রী এসেছে। এতে কনেপক্ষের খরচের বোঝা বেড়েছে, আবার বাড়তি ঝামেলাও পোহাতে হচ্ছে।