বর-কনের অভিনব প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হরতালে তাল মিলাবে এমন সাধ্য কার? ক্ষোভ ও ঘৃণায় এই পদযাত্রা।’ এ এক অভিনব প্রতিবাদ। বিবাহোত্তর ওয়ালিমা অনুষ্ঠানে যোগ দিতে বর ও কনে কমিউনিটি সেন্টারে গেলেন হেঁটে। শুধু কি হেঁটে, একেবারে মিছিল নিয়ে। মিছিলে ছিল ব্যানারও।বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিনে গত বুধবার রাতে অভিনব এই প্রতিবাদটি জানিয়েছেন চিকিৎসক রাকিবুল হাসান-ভিকারুন্নেসা নবদম্পতি ও তাঁদের স্বজনেরা। চট্টগ্রাম নগরের দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে হেঁটে প্রায় দুই কিলোমিটার দূরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যান নবদম্পতি ও স্বজনেরা। তাঁদের সঙ্গে মিছিলে ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেখা আলম। জানা গেছে, হরতালের কারণে বর ও কনের জন্য কোনো গাড়ি কেউ ভাড়া দিতে নারাজ। এমনকি নিজেদের গাড়ির নিরাপত্তা নিয়েও তাঁরা চিন্তায় ছিলেন। তাই শেষ পর্যন্ত হেঁটে যাওয়ার প্রস্তাব দেন বরের মামা মো. জামসেদ। দন্ত চিকিৎসক রাকিবুল বলেন, ‘আমরা কোনো দলের পক্ষে নই। যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সরকার ও বিরোধী দল—কেউ তাকাচ্ছে না জনগণের দিকে। বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা সাধারণ মানুষ।’ গত ২৫ মার্চ তাঁদের বিয়ে হয় নগরের আগ্রাবাদ এক্সেস রোডের মানজুমা প্যালেসে। সেদিনও সকাল-সন্ধ্যা হরতাল ছিল। তবে বিয়ের অনুষ্ঠান ছিল রাতে। তাই বেশি সমস্যায় পড়তে হয়নি।বুধবারের ওয়ালিমা অনুষ্ঠানস্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নিজেদের বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। হরতালের মধ্যে সেখানে যাওয়া নিয়ে চিন্তা ছিল সবার মধ্যে। শেষ পর্যন্ত বর-কনেসহ ৪০-৫০ জনের একটি দল রাত সাড়ে আটটায় দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিকে রওনা দেয়। বর-কনে দুজনেই ছিলেন মিছিলের অগ্রভাগে।বরের বোন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী সাদিয়া মুনতাহিনা বলেন, ‘হরতালের কারণে আমরা প্রতিদিন ক্ষতিগ্রস্ত। কারণ, আমাকে হরতালেও ২৫ কিলোমিটার দূরের চুয়েটে যেতে হচ্ছে। তাই আমরা সবাই এ সিদ্ধান্ত নিলাম।’