বর না আসায় কনের বাবার আত্মহত্যা?
তাঁর বড় মেয়ের বিয়ে। সেই আনন্দে বাজার–সদাই করেন গরিব বাবা। আয়োজন করেন ভূরিভোজের। বিয়ের সাজে সাজানো হয় কনেকে। এরপর শুরু হয় বরের জন্য প্রতীক্ষা। সন্ধ্যা গড়িয়ে যায়, রাত নামে। কিন্তু বর ও বরযাত্রী আর আসে না। বিয়েবাড়ির উৎসবমুখর পরিবেশ ক্রমে ম্লান হয়ে আসে। এরপর রাত গভীর হয়। একগোছা দড়ি নিয়ে বাড়ির পাশের গাবগাছে ঝুলে পড়েন কন্যাদায়গ্রস্ত সেই বাবা খাইরুল মোল্লা।
গত মঙ্গলবার রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারহেলা গ্রামে ঘটে এ ঘটনা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাইরুল মোল্লা (৪০) গরিব মানুষ। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর বড় মেয়ের সঙ্গে পাশের মাগুরার মহম্মদপুর উপজেলার লাহুড়িয়া দিননাথপাড়ার এক যুবকের বিয়ে ঠিক হয়। দুই পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হয়। কনের বাবা তাঁর সাধ্যমতো কেনাকাটা করেন। বাড়িতে ভোজের আয়োজন করেন। নিমন্ত্রণ পেয়ে স্বজন ও অতিথিরা আসেন। বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করে। শুরু হয় বরের পথের দিকে তাকিয়ে থাকার পালা। সন্ধ্যা সাড়ে সাতটা পার হয়। কিন্তু বরযাত্রী আসে না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়। একসময় অতিথিদের খানাপিনা শুরু ও শেষ হয়। তখনো বরপক্ষ আসে না। তখন কনেপক্ষকে অজানা আশঙ্কা তাড়া করে। একপর্যায়ে বরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। রাত আরও গভীর হয়। খাওয়াদাওয়া শেষে যে যাঁর মতো বাড়ি ফিরে যান। কারও বুঝতে আর বাকি থাকে না, বর আসছেন না। বিয়েটা হচ্ছে না।
গরিব খাইরুল মোল্লা এই অপমান সহ্য করতে পারেননি। এক ফাঁকে একগাছা দড়ি হাতে ছুটে যান বাড়ির পাশের একটি গাবগাছের দিকে। সেখানে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। গতকাল বুধবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গতকাল সেই হবু বরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতদরিদ্র খাইরুল মোল্লা মেয়ের বিয়ে বর ও বরযাত্রী না আসায় মঙ্গলবার নির্ধারিত দিনে সম্পন্ন হয়নি। এই লজ্জায় ও অপমান খাইরুল সহ্য করতে পারেননি। এই দুঃখে ও অভিমানে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।