‘বিয়ের আসরে যৌতুক দাবির ঘটনায়’ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উত্তর চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী খান ও তাঁর ফুফু একই উপজেলার নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খানমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কাদের স্বাক্ষরিত একটি চিঠিতে এই আদেশ দেওয়া হয়।কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ইতিমধ্যে বরখাস্তের আদেশের অনুলিপি ওই দুই শিক্ষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।প্রসঙ্গত, বরগুনার আমতলী উপজেলার কালিপুরা গ্রামের এক তরুণীর সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাদ্রাসা সড়কের বাসিন্দা মো. শওকত আলী খানের বিয়ে হয় ১১ নভেম্বর। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে বরের হাতে তুলে দেওয়ার সময় যৌতুক চাওয়ার অভিযোগে বর শওকতকে তালাক দেওয়ার ঘোষণা দেন কনে।এ ঘটনার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) শাহ কামাল পটুয়াখালী জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কাদেরকে যৌতুক দাবির অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন।বর মো. শওকত আলী খান জানান, সাময়িক বরখাস্ত-সংক্রান্ত চিঠি গতকাল শুক্রবার তাঁর বাসায় পৌঁছেছে। তাহমিনা খানমও জানান, তিনি গতকাল বরখাস্তের চিঠি পেয়েছেন। তাঁর দাবি, সেদিন আসলে যৌতুক চাওয়ার কোনো ঘটনা ঘটেনি।এদিকে ১৪ নভেম্বর রাতে কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যৌতুক দাবির অভিযোগকে সাজানো নাটক ও বানোয়াট দাবি করেন বর শওকত। তিনি যৌতুক চাওয়ার অভিযোগ অস্বীকার করেন। শওকতের দাবি, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির জের ধরে এ ঘটনা ঘটে।