রাঙামাটির বরকল উপজেলায় ১৭টি সরকারি দপ্তরের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ১০ কর্মকর্তার পদ শূন্য। এর মধ্যে ১০ বছর ধরে শূন্য থাকা পদও রয়েছে। ফলে প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট ইউএনও বদলি হওয়ার পর এখনো কোনো কর্মকর্তাকে পদায়ন করা হয়নি। জুরাছড়ির ইউএনও অতিরিক্ত দায়িত্ব হিসেবে বরকলে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদ ২০০৩ সাল থেকে শূন্য রয়েছে। তার আগে ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত ওই পদ খালি ছিল। পরে একজন কর্মকর্তাকে পদায়ন করা হলেও ওই কর্মকর্তা তিন মাস পর অন্য উপজেলায় বদলি হয়ে যান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর পদ ২০০৯ সাল থেকে শূন্য। জেলা সদরের এক উপসহকারী প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
উপজেলায় খুবই গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত হিসাবরক্ষণ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব এক বছর ধরে পালন করছেন লংগদু উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা। ২০০৫ সাল থেকে মহিলাবিষয়ক কর্মকর্তা, ২০১০ সাল থেকে সমাজসেবা কর্মকর্তা এবং ২০১১ সাল থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদ শূন্য রয়েছে।
এ ছাড়া শিক্ষা অধিদপ্তরের উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও পল্লী উন্নয়ন কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে বলে সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে।
উপজেলা কর্মকর্তার পদ শূন্য থাকা দপ্তরের কর্মচারীরা জানান, অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মাসে এক বা দুবারের বেশি যান না। প্রায় কাজ তাঁদের উপজেলায় গিয়ে করে আনতে হয়। ফলে কাজ হয় খুবই ধীরগতিতে।
বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা বলেন, কর্মকর্তার অভাবে প্রশাসনে স্থবিরতা চলছে। দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে এক দিনের কাজের জন্য বারবার উপজেলা সদরে আসতে হচ্ছে। এতে অর্থ ও সময়ের অপচয় হয় বলে তিনি উল্লেখ করেন।