বরকলে চারজনকে অপহরণ বিজিবির সঙ্গে গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার মাইসছড়ি গ্রাম থেকে গত রোববার গভীর রাতে চারজনকে অপহরণ করা হয়েছে। জনসংহতি সমিতির লোকজন এদের অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। অপহরণকারীদের সঙ্গে বর্ডার গার্ড বংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে। অপহূত ব্যক্তিরা হলেন কিশোর চাকমা (৪৫), সুভাষ মিত্র চাকমা (৪০), সুমতি চাকমা (৩৭) ও ধন চাকমা (৩৬)।এ ঘটনায় পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও চুক্তির পক্ষের জনসংহতি সমিতি পরস্পরকে দোষারোপ করেছে।বিজিবির বরকল জোনের অধিনায়ক লে. কর্নেল আকবর আলী প্রথম আলোকে বলেন, অপহরণের খবর পাওয়ার পরপরই বিজিবির সদস্যরা মাইসছড়ি গ্রামের দিকে যান। এ সময় কে বা কারা ১০ থেকে ১৫টি ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে বিজিবিও চার থেকে ছয়টি পাল্টা গুলি ছোড়ে। ইউপিডিএফের জেলা তথ্য শাখার প্রধান সোনামণি চাকমা গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, রোববার রাতে পার্বত্য চুক্তির পক্ষের জনসংহতি সমিতির একদল সশস্ত্র সদস্য মাইসছড়ি গ্রামে আসেন। পরে ওই চার গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যান। তাঁদের গতকাল সন্ধ্যা পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। অভিযোগ প্রত্যাখ্যান করে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে বরকল সদরে জনসংহতি সমিতির আজ মঙ্গলবার অনুষ্ঠেয় জনসভা সামনে রেখে এই অপপ্রচার চালানো হচ্ছে। বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গোয়েন্দা সূত্রে অপহরণের খবর তিনি পেয়েছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।