বরকলে জনসংহতি সমিতির ২ সমর্থককে অপহরণ
রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মিতিংগাছড়ি গ্রাম থেকে আশীষ কুমার চাকমা (৩৫) ও পাশের গ্রাম নাড়েইছড়ি থেকে শোভা রতন চাকমা (২৫) নামের জনসংহতি সমিতির দুই সমর্থককে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার ব্যাপারে পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করা হয়েছে।জনসংহতি সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ইউপিডিএফের একদল সশস্ত্র সদস্য নাড়েইছড়ি ও মিতিংগাছড়ি গ্রামে এসে জনসংহতি সমিতির কয়েকজন সমর্থকের নাম ধরে তাঁদের খুঁজতে থাকে। পরে আশীষ কুমার ও শোভা রতনকে তাঁরা অস্ত্রের মুখে নিয়ে যায়।গত শুক্রবার কাপ্তাইয়ের চি ৎ মরম ইউনিয়নের আগারপাড়ায় জনসংহতি সমিতির তিন সমর্থক এবং গত রোববার জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের একজন নবনির্বাচিত সদস্যকে গুলি করে হত্যা করা হয়। এ দুটি হত্যা ও অপহরণ ঘটনার ব্যাপারে জনসংহতি সমিতি ইউপিডিএফকে দায়ী করেছে। গতকাল সোমবার জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সহসাধারণ সম্পাদক শর ৎ জ্যোতি চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে ইউপিডিএফের বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে তাদের নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য গতকাল ইউপিডিএফের রাঙামাটি জেলা সমন্বয়কারী অলকেশ চাকমা ও তাঁদের সংগঠনের প্রচার বিভাগে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা ফোন ধরেননি। এদিকে গতকাল রাত আটটায় খুন হওয়া জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের সদস্য গোপাল চাকমার লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। ওই হত্যার ঘটনায় আজ মামলা হবে বলে জানা গেছে।