বরকলে ঝরনায় গোসলে গিয়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলায় গতকাল রোববার ঝরনায় গোসলের সময় পিছলে পড়ে সুমন চাকমা নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সুমন বরকল মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে সুমন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশের একটি ঝরনায় গোসল করতে যায়। গোসল সেরে বাসায় ফেরার প্রস্তুতি নেওয়ার সময় সুমনের একটি জুতা ঝরনার এক ধাপ নিচে পড়ে যায়। তখন সে সহপাঠীদের চলে যেতে বলে নিচ থেকে সেটি তুলতে যায়।এদিকে সহপাঠীরা বাসায় এসে খাওয়া শেষ করে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটির পর বাসায় এসে তারা সুমনকে দেখতে না পেয়ে শিক্ষকদের খবর দেয়। পরে সহপাঠী এবং শিক্ষকেরা ওই ঝরনায় গিয়ে তার খোঁজ করতে থাকেন। একপর্যায়ে ঝরনার নিচে তাঁরা সুমনের মৃতদেহ দেখতে পান। সুমন ঝরনার ওই ধাপ থেকে পা পিছলে প্রায় ২০ ফুট নিচে পাথুরে মাটিতে পড়ে গিয়ে মারা গেছে বলে স্থানীয় ব্যক্তিরা ধারণা করছেন। তার অণ্ডকোষ, কান ও মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে।সহপাঠীরা জানায়, সুমনের বাড়ি উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে জগন্নাথছড়া গ্রামে। তার বাবা কৃষ্ণচন্দ্র চাকমা একজন কৃষক।