বরকলে পাঁচ দিনেও মুক্তি পাননি অপহরণের শিকার ১৩ আদিবাসী
রাঙামাটির বরকল উপজেলায় অপহরণের পাঁচ দিনেও মুক্তি পাননি ১৩ আদিবাসী। আজ উপজেলার সুবলং বাজারে সাপ্তাহিক হাট বসার ওপর তাঁদের মুক্তি নির্ভর করছে। বাজারটি আজ খুলে দেওয়া হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।গত রোববার দুটি ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) করে মৌসুমি ফল নিয়ে রাঙামাটি আসার পথে জুরাছড়ি উপজেলার ১০ জন ও বরকল উপজেলার তিনজনকে সুবলং ইউনিয়নের চিলাকডাক এলাকা থেকে অপহরণ করে একদল সশস্ত্র ব্যক্তি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুবলং বাজার নিয়ে সমস্যার মূলে রয়েছে পার্বত্য চট্টগ্রামের বিবদমান দুটি রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দ্বন্দ্ব। বাজারটিতে ইউপিডিএফের আধিপত্য থাকায় লোকজনকে সেখানে যেতে বারণ করে জনসংহতি সমিতি। অন্যদিকে, ইউপিডিএফ সুবলং বাজারে না গেলে আর কোথাও পণ্য বিক্রি করতে দেওয়া হবে না বলে স্থানীয় লোকজনকে সতর্ক করে দেয়। গত তিন সপ্তাহে সেখানে হাট বসেনি। এ অবস্থায় গত রোববার বিভিন্ন মৌসুমি ফল নিয়ে সুবলং বাজার অতিক্রম করে রাঙামাটির দিকে আসার পথে ১৩ আদিবাসী অপহূত হন। এ ঘটনায় ইউপিডিএফ জড়িত বলে অভিযোগ উঠলেও তারা তা অস্বীকার করেছে। জুরাছড়ি ও বরকল উপজেলার কয়েকজন মৌসুমি ফলচাষির সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে কাঁঠাল, আম ও আনারসের ভরা মৌসুম। এসব ফল পচনশীল হওয়ায় পাকার পর দ্রুত বিক্রি করে দিতে হয়। কিন্তু চাষিরা প্রায় এক মাস ধরে মৌসুমি ফল বাজারে আনতে পারছেন না। এর ফলে তাঁরা বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন।এদিকে অপহরণের শিকার কয়েকজনের স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, অপহরণকারীরা পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের দাবি, সুবলং বাজার খুলে দেওয়া। আজ শুক্রবার এ দাবি মানা হলে কয়েকজনকে মুক্তি দেওয়া হবে। বাকিদের পর্যায়ক্রমে মুক্তির ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুদ্দিন আহমেদ জানান, আজ সুবলং বাজারে হাট বসবে। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করা হয়েছে। তিনি আরও জানান, হাটের দিন সুবলং বাজারসহ অন্য বাজারে আসার পথে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল টহলে থাকবে।