বরখাস্ত নার্স সরকারি কাজে সৌদি আরবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে প্রশিক্ষণে যাওয়ার জন্য মন্ত্রীর স্বাক্ষর জাল করার অভিযোগে বরখাস্ত হওয়া রাজশাহী মেডিকেল কলেজ (রিমেক) হাসপাতালের একজন নার্স এবার হজযাত্রীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারিভাবে পাঠানো চিকিৎসক দলের সদস্য হিসেবে সৌদি আরবে গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এই নার্সের নাম খাইরুল ইসলাম। ৪ সেপ্টেম্বর তিনি সৌদি আরবে গেছেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, খাইরুল ইসলাম সৌদি আরবে যাওয়ার জন্য ছাড়পত্র নিতে এসেছিলেন। কিন্তু বরখাস্ত হওয়ার পর একজন নার্স আর হাসপাতালের অধীনে থাকেন না। তিনি ডিএনএসের (পরিচালক সেবা পরিদপ্তর) অধীনে চলে যান। এ জন্য তিনি তাঁকে ছাড়পত্র দেননি।

খাইরুল ইসলামের স্ত্রী জোসনা আরা বলেন, তাঁর স্বামী ৪ সেপ্টেম্বরের ফ্লাইটে গেছেন। পরিচালকের ছাড়পত্র ছাড়া কীভাবে গেছেন জানতে চাইলে তিনি বলেন, বরখাস্ত হওয়ার এক মাস আগে থেকে তাঁর সব কাগজপত্র প্রস্তুত ছিল। বরখাস্ত হওয়ার ব্যাপারে তিনি বলেন, কে মন্ত্রীর স্বাক্ষর জাল করে তাঁদের জন্য সুপারিশ করিয়ে নিয়েছেন তাঁরা কিছুই জানেন না। ইন্টারনেটে বরখাস্তের আদেশ দেখে তাঁরা বুঝতে পেরেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হজব্রত পালন করার সময় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে সরকারিভাবে একটি চিকিৎসক দল পাঠানো হয়। এই দলের সদস্যদের যাতায়াত ভাড়া সরকার বহন করে। তা ছাড়া তাঁরা আর্থিক সুবিধাও পেয়ে থাকেন। একই সঙ্গে তাঁরা পবিত্র হজব্রত পালন করারও সুযোগ পান। এই দলে চিকিৎসকদের সঙ্গে নার্সও পাঠানো হয়। খাইরুল ইসলাম নার্স হিসেবে এই দলের সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন।

সূত্রমতে, খাইরুল ইসলাম, তাঁর স্ত্রী জোসনা আরা খাতুনসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আটজন, রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ও দেশের অন্যান্য এলাকা থেকে আরও আটজন নার্সের বিরুদ্ধে বিদেশে প্রশিক্ষণে যাওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও সাংসদের স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে গত ১৭ আগস্ট তাঁদের বরখাস্ত করা হয়।

গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক তৌফিকুল ইসলাম মো. বেলাল বলেন, তাঁর নাম আগে থেকে চিকিৎসক দলের তালিকায় ছিল। এ জন্য তিনি হয়তো গেছেন। কিন্তু বরখাস্ত হওয়ার পরে তাঁকে এই দলে পাঠানোর কথা নয়। নিয়ম অনুযায়ী তাঁর পরিবর্তে অন্য কারও যাওয়ার কথা।