সিলেটের শিশু আবু সাঈদ (৯) হত্যা মামলার প্রধান আসামি সিলেট মহানগর পুলিশের বরখাস্ত হওয়া কনস্টেবল এবাদুর রহমান ছুটি না নিয়েই টানা তিন দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তাঁর প্রতি সন্দেহ বাড়ে। পরে তাঁর ভাড়া করা বাসা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গতকাল রোববার মামলার টানা বিচারকাজ শুরুর প্রথম দিন মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেনসহ পুলিশের আরও দুই সদস্য আদালতে দেওয়া সাক্ষ্যে এ তথ্য জানিয়েছেন। পুলিশের তিন সদস্যসহ ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশীদ।
আদালত সূত্র জানায়, ওসি ছাড়াও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সমরাজ মিয়া, কনস্টেবল মোহাম্মদ কাশেম সাক্ষ্য দেন। আদালতে এ তিনজন বলেন, অপহরণ ও খুনের মতো অপরাধে পুলিশের এক সদস্য জড়িত থাকায় সাধারণ মানুষের মতো পুলিশ বিভাগের কর্মরতরাও ক্ষুব্ধ। তাঁর (এবাদুর) বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।
পুলিশের তিন সদস্য ছাড়াও গতকাল সাঈদের মা সালেহা বেগম, মামা জয়নাল আবেদীন ও আত্মীয় সৈয়দ হিলাল আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাঈদের মা আদালতকে বলেন, ছেলেকে না পেয়ে প্রথমে থানায় জিডি করেন তাঁরা। মহল্লাসহ আশপাশের এলাকায় মাইকে হারানোর খবর প্রচার করা হয়। পূর্বপরিচিত ছিলেন এবাদুর। তিনিও সমবেদনা জানাতে এসেছিলেন। দুই দিন পর তাঁর বাসা থেকে সাঈদের লাশ পাওয়ায় বোঝা গেল আসল ঘাতক তিনিই। এ সময় সাঈদের মা কান্নাজড়িত কণ্ঠে আদালতকে বলেন, ‘আমার মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। এ জন্য ঘাতকদের সর্বোচ্চ শাস্তি চাই।’
নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রায়নগরের দর্জিবন্ধ এলাকার বাসিন্দা আবু সাঈদকে গত ১১ মার্চ অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত মহানগর পুলিশের বিমানবন্দর থানার বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল এবাদুর রহমানসহ জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম ওরফে রাকীব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘তথ্যদাতা’ আতাউর রহমান ওরফে গেদা গ্রেপ্তার হন। এ তিনজনই আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে পলাতক আরেক আসামি ওলামা লীগের প্রচার সম্পাদক মহি হোসেন ওরফে মাসুম ১০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন।
সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৭ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের পর বিচার-প্রক্রিয়া শুরু হয়। মামলায় সাক্ষীর ৩৭ জন। এর মধ্যে মামলার বাদী সাঈদের বাবা মতিন মিয়াসহ পাঁচজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে ১৯ নভেম্বর।