বরখাস্ত পুলিশসহ আরও চারজন সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় আরও চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মামলার ৩৮ সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য নেওয়া হলো।
গতকাল ছিল টানা পাঁচ দিন সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিন। এদিন সাক্ষ্য দেন মহানগর পুলিশের জালালাবাদ থানার সাময়িক বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন, রাজনের মরদেহ বহনকারী মাইক্রোবাসের মালিক আবদুল মান্নান, নির্যাতনের ঘটনাস্থলের ওয়ার্কশপ মালিক সুদিপ কপালী ও স্থানীয় বাসিন্দা মনির আহমদ।
আদালত সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। শুরুতে সাক্ষ্য দেন পুলিশ সদস্য জাকির। তিনি আদালতকে বলেন, ৮ জুলাই দুপুরে তিনি জনতার হাতে লাশ নিয়ে ধরা পড়া একটি মাইক্রোবাস আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কাজে নিয়োজিত ছিলেন।
রাজন হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় একটি প্রভাবশালী মহলের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং এতে জালালাবাদ থানার পুলিশের যোগসাজশ ছিল বলে অভিযোগ ওঠে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের একটি দল তদন্ত করে। তদন্তে ‘গাফিলতির অভিযোগ’ পাওয়ায় ২৫ জুলাই এসআই জাকিরসহ জালালাবাদ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। এর মধ্যে আমিনুল মামলার বাদী, বাকি দুজন সাক্ষী।
আবদুল মান্নান গতকাল সাক্ষ্য দিতে গিয়ে তাঁর মাইক্রোবাসটি ভাড়া হিসেবে নেওয়া হয়েছিল বলে জানান। ওয়ার্কশপ মালিক সুদিপ বলেন, ঘটনার দিন দুপুরে তিনি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খোলার পর জানতে পারেন, সেখানে এক শিশুকে ধরে পেটানো হয়, পরে সে মারা যায়।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী বলেন, আজ বুধবার ও কাল বৃহস্পতিবার মামলার বাকি ১৩ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।
প্রতিবাদী নাটকের সিডি বিতরণ: রাজন হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রতিবাদী নাটক অমানুষ-এর ৭০০ কপি সিডি বিতরণ করেছে শেখ হাবিব মাল্টিমিডিয়া নামের একটি প্রতিষ্ঠান। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গতকাল বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। এতে রাজনের গ্রামের মানুষজনও অংশ নেয়। মানববন্ধন শেষে নাটকের সিডি বিতরণ করা হয়। তখন এ নিয়ে হুড়োহুড়ি শুরু হলে সিডি রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে আগ্রহীরা সেখান থেকে সিডি সংগ্রহ করে।
নাটক নির্মাতা প্রতিষ্ঠানের পরিচালক মো. আবদুর রহিম বলেন, ঘটনাটি গণমাধ্যমে যেভাবে বর্ণিত হয়েছে, সেভাবেই নাটক নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয় নাট্যশিল্পীরা অভিনয় করেছেন।
বিকেল চারটায় শুরু হওয়া মানববন্ধনে সিলেট বিভাগীয় গীতিকার সংসদের সাংগঠনিক সম্পাদক কামরুল চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন রাজনীতিবিদ আফজালুর রহমান চৌধুরী ও মোল্লাপাড়া হাজি আবদু মিয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আওলাদ মিয়া। বক্তারা বর্বর এ ঘটনার দ্রুত বিচারের প্রেক্ষাপট তৈরি হওয়া এবং সৌদি আরবে পালিয়ে যাওয়া ঘটনার মূল হোতা কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।