বরখাস্ত পুলিশসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে স্কুলছাত্র আবু সাঈদকে অপহরণ করে হত্যার ঘটনায় প্রায় ছয় মাস পর গতকাল বুধবার চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তাঁদের মধ্যে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবাদুর রহমান ওরফে পুতুলকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসাইন গতকাল বিকেলে মহানগর হাকিম (এমএম-২) আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। অভিযুক্ত অন্য তিনজন হচ্ছেন কথিত ‘সোর্স’ আতাউর রহমান ওরফে গেদা মিয়া, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম তালুকদার ওরফে রাকীব ও প্রচার সম্পাদক মাহিদ হোসেন ওরফে মাসুম। এর মধ্যে মাসুম পলাতক।
তদন্ত সমন্বয়কের দায়িত্বে থাকা সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত শেষে প্রায় ছয় মাস পর অভিযোগপত্র দাখিল করা হলো। এতে প্রধান অভিযুক্ত করা হয়েছে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবাদুরকে। এতে প্রমাণিত হয়েছে, পুলিশ অপরাধ করলেও ছাড় নেই।’
সিলেট নগরের রায়নগরের বাসিন্দা মতিন মিয়ার ছেলে ও স্থানীয় হাজি শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ (৯) গত ১১ মার্চ অপহরণের শিকার হয়। ওই দিনই পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দুই দিন পর পাশের কুমারপাড়ার ঝরনারপাড় মহল্লায় পুলিশ কনস্টেবল এবাদুরের বাসা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার হয়। পরদিন কোতোয়ালি থানা-পুলিশের হাতে ধরা পড়া তিনজনসহ চারজনকে আসামি করে মামলা করা হয়।
গ্রেপ্তারের পর ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন পুলিশ কনস্টেবল এবাদুর। এরপর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।