
সিলেটে শিশু আবু সাঈদকে (৯) অপহরণ ও হত্যার দায়ে পুলিশের বরখাস্ত হওয়া কনস্টেবল এবাদুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অপহরণ ও মুক্তিপণ দাবি এবং হত্যার দায়ে আইনের পৃথক ধারায় তিন আসামিকে দুবার করে মৃত্যুদণ্ড দেন আদালত। গতকাল সোমবার বিকেলে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশিদ এ রায় দেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার বরখাস্ত হওয়া কনস্টেবল এবাদুর রহমান, সিলেট নগরের রায়নগরের বাসিন্দা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘তথ্যদাতা’ (সোর্স) আতাউর রহমান ওরফে গেদা এবং সিলেটের ওসমানীনগর থানার বাসিন্দা ও জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম ওরফে রাকীব।
অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামি নগরের কুয়ারপাড় এলাকার বাসিন্দা জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মহি হোসেন ওরফে মাসুমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত চত্বরে সাঈদের বাবা মতিন মিয়া সাংবাদিকদের বলেন, তিন আসামির সর্বোচ্চ সাজায় তিনি খুশি হয়েছেন। তবে একজন খালাস পাওয়ায় তিনি কিছুটা অসন্তুষ্ট। সাজাপ্রাপ্তদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।
এর আগে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আলোচিত শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার দ্রুত বিচার ১৭ কার্যদিবসে সম্পন্ন করে গত ৮ নভেম্বর রায় ঘোষণা হয়েছিল। এরপর ট্রাইব্যুনালে সাঈদ হত্যা মামলা আট কার্যদিবসে বিচার সম্পন্ন করে গতকাল রায় ঘোষণা করা হলো।
নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রায়নগরের দর্জিবন্ধ এলাকার বাসিন্দা আবু সাঈদকে গত ১১ মার্চ অপহরণ করে হত্যা করা হয়। পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে ১৪ মার্চ সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সাঈদের বাবা মতিন মিয়া থানায় মামলা করেন। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তিন আসামি এবাদুর, এন ইসলাম ও আতাউর রহমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনজনই উল্লেখ করেন, মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসেবে আদায় করতেই সাঈদকে অপহরণ করেন। তবে সাঈদ তাঁদের চিনে ফেলায় গলা টিপে হত্যা করেন বলে জানান।
ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত, ০৩)-এর ৭ ধারায় অপহরণ এবং মুক্তিপণ আদায়ের জন্য এবাদুর, গেদা ও রাকীবকে দোষী সাব্যস্ত করা হলো। সাঈদকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার জন্য উক্ত আইনের ৮ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং হত্যাকাণ্ডের দায়ে ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করায় মৃত্যুদণ্ড দেওয়া হলো।
আদালতের পর্যবেক্ষণ: শিশু হত্যার মতো ঘটনায় পুলিশের একজন সদস্য জড়িত থাকায় ঘটনা চাঞ্চল্যকর বলে গণ্য করেন বিচারক। রায়ের পর্যবেক্ষণে তিনি উল্লেখ করেন, এ ধরনের বর্বর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত বিচার নিষ্পত্তি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে সমাজে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব।