বরখাস্ত ব্যক্তি প্রধান প্রকৌশলীর দায়িত্বে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া একজন নির্বাহী প্রকৌশলীকে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নাম মো. মোখতার আলম। গত ১ জুলাই নগরের বাটালী পাহাড়ের সীমানা দেয়াল ধসে ১৭ জন মৃত্যুর ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সিটি করপোরেশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে রিট করেন। আদালত ১৭ আগস্ট তিন মাসের জন্য ওই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন। এর পরই চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ তাঁকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেয়। মোখতার আলম প্রথম আলোকে বলেন, ‘আমি তো তিন বছর আগেই প্রধান প্রকৌশলী ছিলাম। ওই আদেশ এখনো বাতিল করা হয়নি। কর্তৃপক্ষ এখানে যখন যা দায়িত্ব দিয়েছে, তা পালন করেছি। কিন্তু মূলত আমি সব সময়ই প্রধান প্রকৌশলী ছিলাম এবং এখনো আছি।’ তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঞ্জুর-ই-ইলাহী প্রথম আলোকে বলেন, মোখতার আলমকে অতিরিক্ত দায়িত্ব কিংবা ভারপ্রাপ্ত হিসেবে প্রধান প্রকৌশলী করা হয়নি। তাঁকে কেবল ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত’ প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে। তাঁর মূল পদ হচ্ছে নির্বাহী প্রকৌশলী। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী থাকাকালেই ২০০৫ সালে মোখতার আলমকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘বিজয় টিভি’ দুর্নীতি মামলায় তিনি গ্রেপ্তার হয়ে ছয় মাস জেল খাটেন। একই মামলায় তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীও কারাবন্দী ছিলেন। মহিউদ্দিন চৌধুরী কারাগার থেকে বেরিয়ে এসে মোখতার আলমকে আবার প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেন। কিন্তু কাজে অনিয়মের অভিযোগে এক মাসের মাথায় তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তিনি প্রায় সাত মাস কোনো দায়িত্ব পালন করেননি।২০১০ সালের জুন মাসে নতুন মেয়র মোহাম্মদ মন্জুর আলম দায়িত্ব নেওয়ার পর মোখতার আলমকে প্রধান প্রকৌশলীর পরিবর্তে তদারককারী প্রকৌশলী নামের নতুন একটি পদ দেওয়া হয়। যদিও সিটি করপোরেশনের জনবল কাঠামোতে এ ধরনের কোনো পদ নেই। তদারককারী প্রকৌশলী পদে থেকেই তিনি সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দেখাশোনা করেন।অভিযোগ রয়েছে, তাঁর তদারকিতে পরিচালিত বেশির ভাগ কাজেই পরে ত্রুটি পাওয়া গেছে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে গত মার্চে নগরের যেসব সড়কে কার্পেটিং করা হয়, তার বেশির ভাগই বর্ষায় নষ্ট হয়ে গেছে। এসব সড়ক কার্পেটিং দেখভাল করার দায়িত্বে ছিলেন মোখতার আলম। বাটালী পাহাড়ে যে সীমানা দেয়াল ধসে ১৭ জনের প্রাণহানি হয়েছে, সে কাজেরও প্রকল্প পরিচালক ছিলেন তিনি।তত্ত্বাবধায়ক সরকারের শেষদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাখার কথা স্বীকার করে তিনি সত্য ও জবাবদিহি (ট্রুথ) কমিশনের কাছে ৫০ লাখ টাকা জমা দেন। চট্টগ্রাম সিটি করপোরেশনে তিনিই একমাত্র ‘আত্মস্বীকৃত দুর্নীতিবাজ’ হিসেবে পরিচিত।মোখতার আলমকে ট্রুথ কমিশনে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।