বরখাস্ত মেয়র আরিফুলের চিকিৎসায় বোর্ড গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র কারাবন্দী আরিফুল হক চৌধুরীর চিকিৎসায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিঞা প্রথম আলোকে এ তথ্য জানান।

আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি আরিফুল হক চৌধুরী ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে কারাবন্দী রয়েছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেলার মাসুদ পারভেজ বলেন, গত রোববার রাত থেকে আরিফুল হকের শারীরিক অবস্থা খারাপ হয়। কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে সোমবার (গতকাল) সকালে তাঁকে ওসমানী হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক বলেন, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ চিকিৎসকসহ সাত সদস্যের মেডিকেল বোর্ড সকালে গঠন করে একদফা পর্যবেক্ষণ হয়েছে। দুপুরে তাঁকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে জঙ্গিদের গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ ঘটনায় করা ওই দুটি মামলার বিচার কার্যক্রম চলছে।

কিবরিয়া হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্পূরক অভিযোগপত্র ২০১৪ সালের ১৩ নভেম্বর হবিগঞ্জের আদালতে দাখিল করলে আরিফুল হকসহ নতুন করে নয়জন অভিযুক্ত হন। ৩০ ডিসেম্বর আরিফুল হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরের বছর ৭ জানুয়ারি আরিফুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।