বরখাস্ত মেয়র মান্নান আরেক মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ মান্নান
এম এ মান্নান

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান কারাগারে বন্দী এম এ মান্নানকে নাশকতার আরও একটি মামলায় আবার গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে শুনানি শেষে বিচারক এম এ মান্নানকে গ্রেপ্তারের আদেশ দেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মোট ২৭টি মামলা হয়েছে। আদালত থেকে ইতিমধ্যে তিনি ২৬ মামলায় জামিনে আছেন।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, ২০১৩ সালের ৩০ জানুয়ারি রাতে বিএনপি-জামায়াতের অবরোধে গাজীপুরের বড়বাড়ি এলাকায় রুপা গার্মেন্টসের সামনে জামায়াত ও বিএনপির কর্মীরা ঢাকাগামী বন্যা পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পরদিন জয়দেবপুর থানার এসআই সৈয়দ হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৪০-৫০ জন জামায়াত-শিবির ও বিএনপির কর্মীদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ক্ষতিসাধন করে যানবাহনের কার্যক্ষমতা ব্যাহত করার অপরাধে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকালে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা ওই মামলায় অধ্যাপক এমএ মান্নানকে গ্রেপ্তারের জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে বিকেলে শুনানি শেষে গাজীপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ আবদুল হাই ওই আবেদন মঞ্জুর করে এম এ মান্নানকে গ্রেপ্তারের আদেশ দেন।
এম এ মান্নানের প্রধান আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, এম এ মান্নানকে এ পর্যন্ত মোট ২৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ২৬ মামলায় জামিন পেয়েছেন। সর্বশেষ তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় গত ৮ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন লাভের পর বৃহস্পতিবার আরও একটি মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হলো। বর্তমানে এমএ মান্নান গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ রয়েছেন। তিনি বিএনপির সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।

গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় একই বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারার ডিওএইচএসর নিজ বাসা থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। মোট ২২টি মামলায় ১৩ মাস কারাবরণের পর গত ২ মার্চ এমএ মান্নান জামিনে কারামুক্ত হন। এরপর গত ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে কয়েক সহযোগীসহ এম এ মান্নানকে আবার গ্রেপ্তার করে পুলিশ। পরদিন গাজীপুরের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি মামলার সবকটিতে জামিনে আছেন। ৮ সেপ্টেম্বর নাশকতার একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও বৃহস্পতিবার তাকে ফের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হলো। এ সব মামলার প্রায় সবগুলোই ২০-দলীয় জোটের অবরোধ ও হরতালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা, নাশকতা, বিস্ফোরক ও পুলিশের সরকারি কাজে বাধা দানসহ বিভিন্ন আইনে দায়ের করা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

নাশকতার মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় গত বছরের ১৯ আগস্ট এম এ মান্নানকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। তার অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।