বরখাস্ত রেল কর্মকর্তা কিবরিয়া কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলে নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ চট্টগ্রাম আদালত এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
রেলে নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ চট্টগ্রাম আদালত এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

রেলে নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রেলে সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে করা মামলায় পলাতক আসামি গোলাম কিবরিয়া আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


২০১২ সালের ১৩ সেপ্টেম্বর  রেলওয়ে পূর্বাঞ্চলের ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন।


তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট গোলাম কিবরিয়া, পূর্বাঞ্চলের জিএম ইউসুফ আলী মৃধা, অতিরিক্ত প্রধান যন্ত্রপ্রকৌশলী হাফিজুর রহমানসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মৃধাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে মামলা দুটির সাক্ষ্যগ্রহণ চলছে।  এ দুটি মামলা ছাড়াও গোলাম কিবরিয়া ও মৃধার বিরুদ্ধে দুর্নীতির আরও ১২টি মামলা রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।