বরখাস্ত শিক্ষক গালিবের পুনর্যোগদানের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহলে হাদিস আন্দোলনের আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরখাস্ত করা শিক্ষক আসাদুল্লাহ আল গালিব আরবি বিভাগে পুনর্যোগদানের আবেদন করেছেন। ২০০৫ সালে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িক বরখাস্ত করে।

গতকাল রোববার তিনি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কাছে আরবি বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
আরবি বিভাগ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে আল গালিব ওই বিভাগে যোগদানের জন্য বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে আহলে হাদিস আন্দোলনের ১৫-২০ জন অনুসারীও ছিলেন।
আরবি বিভাগের সভাপতি মুহাম্মদ আবদুস সালাম মিঞা বলেন, আজ (রোববার) দুপুরে তিনি বিভাগে যোগদানের জন্য একটি আবেদন করেছেন। তিনি বিভাগে যোগদান করতে পারবেন কি না এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে।
এ ব্যাপারে কথা বলতে চাইলে আসাদুল্লাহ আল গালিবকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে আহমেদ আবদুল্লাহ নাজিব ফোনে আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন। আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, ১০টি মামলার সব কটিতেই আল গালিব খালাস পেয়েছেন।
আল গালিবকে ২০০৫ সালের ২২ ফেব্রুয়ারি জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছুদিন পর তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০০৮ সালের ২৮ আগস্ট বগুড়া কারাগার থেকে মুক্তি পান তিনি। সর্বশেষ বগুড়ার শাহজাহানপুরে বোমা হামলা মামলা থেকে ২০ নভেম্বর তিনি খালাস পান।