বরখাস্ত হওয়া তিন খাদ্য পরিদর্শকসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্যমূল্যের সরকারি চাল খোলা বাজারে বিক্রি না করে বেশি দামে দোকানে বিক্রি করার অভিযোগে বরখাস্ত হওয়া তিন খাদ্য পরিদর্শকসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহকারী পরিচালক অজয় কুমার সাহা বাদী হয়ে নগরের সদরঘাট থানায় এই মামলা করেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার প্রথম আলোকে বলেন, বরখাস্ত হওয়া তিন খাদ্য পরিদর্শক এস এম সাহাবুদ্দিন, মো. শাহনেওয়াজ ও শুভজিৎ দে এবং ডিলার সৈয়দ মো. মারুফ, জাহাঙ্গীর আলম, বখতিয়ার আলম, দীন মোহাম্মদ ও জাহাঙ্গীর আলমকে মামলায় আসামি করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার, ঘুষ আদান-প্রদান ও সরকারি চাল খোলা বাজারে বিক্রি না করে বেশি দামে দোকানে বিক্রির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
৩ নভেম্বর বিকেলে দুদক তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরদিন দুদক আইন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের কারাগারে পাঠান আদালত।