বরখাস্ত হওয়া তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্যমূল্যের সরকারি চাল খোলা বাজারে বিক্রি না করে বেশি দামে দোকানে বিক্রি করার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।
তিন খাদ্য পরিদর্শক হলেন এস এম সাহাবুদ্দিন, মো. শাহনেওয়াজ ও শুভজিৎ দে। তাঁদের সঙ্গে কারাগারে পাঠানো দুই ডিলার হলেন সৈয়দ মো. মারুফ ও জাহাঙ্গীর আলম। গত বৃহস্পতিবার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁদের গ্রেপ্তার করে।
ন্যায্যমূল্যের সরকারি চাল খোলা বাজারে বিক্রি না করে বেশি দামে বিক্রির দুর্নীতির বিষয়টি অনুসন্ধান করছেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক অজয় সাহা। গতকাল রাতে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, বরখাস্ত হওয়া তিন খাদ্য পরিদর্শকসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ অনুসন্ধানে পাওয়া যাচ্ছে। অনুসন্ধান শেষ হওয়ার পর তাঁদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন নেওয়া হবে। অনুসন্ধান চলাকালে দুদক আইন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজনকে গতকাল গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আদালতে।
তিন খাদ্য পরিদর্শকের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিন খাদ্য পরিদর্শকসহ আটক পাঁচজনের বিরুদ্ধে দুদক কোনো মামলা করেনি। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান করছে। অনুসন্ধানে সত্যতা পেলে দুদক প্রধান কার্যালয় থেকে অনুমোদন নিয়ে মামলা করবে। অনুসন্ধান পর্যায়ে কাউকে এভাবে গ্রেপ্তার করা হলে আতঙ্কে লোকজন ঘর থেকে বের হবে না।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার হোসেন বলেন, দুদকের অনুসন্ধানে তিন খাদ্য পরিদর্শকসহ ছয়জনের বিরুদ্ধে চাল বিক্রিতে অনিয়মের সত্যতা পাওয়া যাচ্ছে। এ জন্য দুদকের পক্ষ থেকে গ্রেপ্তার পাঁচজনের জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।