রানা প্লাজা ধসের ঘটনায় বরখাস্ত হওয়া সাভারের পৌর মেয়র রেফাতউল্লাহকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার কার্যালয়ে ডেকে এনে ইমারত আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।গতকাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক বিজয় কৃষ্ণ কর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে রেফাতউল্লাহকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রেফাতউল্লাহ সাভার পৌর বিএনপির সভাপতি। গতকাল তাঁর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন। এতে বলা হয়, আসামি পৌর মেয়র, আইন মান্যকারী এবং একজন বয়স্ক ব্যক্তি। জামিন দেওয়া হলে তিনি পলাতক থাকবেন না।ভবনধসের ঘটনায় এ নিয়ে রানা প্লাজার মালিক সোহেল রানা, সাভার পৌরসভার একজন ওয়ার্ড কাউন্সিলর, তিন প্রকৌশলীসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রানা প্লাজা ছয়তলা থেকে ১০ তলা নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন পৌর মেয়র রেফাতউল্লাহ। ভবনধসের পর তিনি আবার তা সংশোধন করে ছয়তলা করেন। ভবনধসে গাফিলতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সহস্রাধিক ব্যক্তি আহত হন এবং জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৮ জনকে।