বরখাস্ত হওয়া মেয়র আরিফুলের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিররিয়া হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি সিলেট সিটি করপোরেশনের সদ্য সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির নেতা আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আরিফুলের পক্ষে জামিন আবেদন করলে আদালত এ আদেশ দেন।
গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আরিফুল। ওই দিন আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। এর পরপরই আরিফুলকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়। এক দিন পর ৩১ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিন রাতেই তাঁকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত ১৩ নভেম্বর হবিগঞ্জ আমলি আদালত-১-এ কিবরিয়া হত্যাকাণ্ডের তৃতীয় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে আরিফুল, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী ও গউছসহ নয়জনকে নতুন করে অভিযুক্ত করা হয়। এ নিয়ে এ মামলায় অভিযুক্ত ব্যক্তির সংখ্যা ৩৫ জনে দাঁড়াল।